জলাশয়ে 'বাঁধ' দিয়ে মাছ নিধনের অভিযোগ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে একটি প্রভাবশালী চক্র পোনা ও মা-মাছ নিধন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হাওরের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত ও নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বেড়া ভেঙে দেওয়ার পর আবারও বেড়া নির্মাণ করা হয়েছে।
এলাকার অনেকের অভিযোগ, পুলিশকে ‘ম্যানেজ’ করেই চক্রটি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ নিধন করছে।
এলাকার অনেকে জানান, উপজেলার এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ হান্নান ও ছিলনি নূরপুর গ্রামের এমরান মেম্বারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি ১৫-১৬ দিন আগে কাতিয়ারকোনা খালে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেন। পরে তাঁরা ভিমজাল এবং কারেন্টজাল দিয়ে মাছ শিকার শুরু করেন। এতে এলাকার অন্তত পাঁচটি জলমহালে মা ও পোনা মাছের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভিমজালের কারণে উপজেলা সদর, জয়সিদ্ধি; মিঠামইনের চারিগ্রাম, মামুদপুর, আতপাশা ও আশপাশের ২৫টি গ্রামের ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ৬ ও ১৩ নভেম্বর এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়। ১৪ নভেম্বর ভূমি কার্যালয়ের নায়েব প্রদীপ কুমার ও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে বেড়াটি ভেঙে দেওয়া হয়। তবে বাঁশগুলো জব্দ না করে সেগুলো বেড়া নির্মাণকারীদের দিয়ে আসা হয়। প্রভাবশালী চক্রটি পরদিনই আবার বেড়া নির্মাণ করে।
আতপাশা-ভয়রা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরেন্দ্র চন্দ্র দাস, সদস্য রবীন্দ্র চন্দ্র দাস ও অহির উদ্দিনসহ সমিতির অন্যরা জানান, তাঁরা ২০০৯ সালে ১৮১ একর আয়তনের বউ বাটলাই ডুইয়া বিল সরকারের কাছ থেকে ছয় বছরের জন্য ইজারা নেন। কিন্তু ওই জলমহালের কাছাকাছি কাতিয়ারকোনা খালে বাঁশের বেড়া নির্মাণ করে ভিমজাল ও কারেন্টজাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে। ফলে একদিকে যেমন মৎস্য সম্পদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বউ বাটলাই ডুইয়া বিল, আতপাশা ও জয়সিদ্ধি জলমহালের ইজারাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, কাতিয়ারকোনা খালের সঙ্গে এসব জলমহালের সরাসরি সংযোগ রয়েছে।
জানতে চাইলে হাবিবুল্লাহ হান্নান ও এমরান মেম্বার জানান, এলাকাটি উন্মুক্ত জলাশয়। বেড়া দেওয়া হয়েছিল, পরে প্রশাসন বেড়া ভেঙে দেয়। তবে বেড়ার কিছু অংশ এখনো রয়েছে। জাল পেতে মাছ শিকার করা হয় না বলে তাঁরা দাবি করেন।
আবারও বেড়া নির্মাণের ব্যাপারে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাটি দেখবেন বলে জানান।
ইটনার ইউএনও মো. ওবায়দুর ইসলাম বলেন, ‘গত সপ্তাহে খবর পেয়ে ভূমি কার্যালয়ের লোকজন এবং পুলিশ গিয়ে বাঁধ ভেঙে দিয়েছে। আবারও ওই চক্র বাঁধ দিয়ে মৎস্য নিধন করছে বলে শুনেছি। ওই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’