জলাশয়ের প্রবাহে মাছ চাষের বিরুদ্ধে হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শেরেবাংলা নগরে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শেরেবাংলা নগরে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

নদী, খাল ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে মৎস্য চাষের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন তিনি।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু ব্যক্তি সুন্দরবনসহ দেশের বিভিন্ন স্থানে নদী, খাল ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে অনৈতিকভাবে মাছ চাষ করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোন প্রভাবশালী ব্যক্তিরা আমাদের নদী ও জলাশয়গুলো ধ্বংস করছে, এটা আপনাদের দেখতে হবে এবং তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
মৎস্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজ ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ প্রতিপাদ্য নিয়ে এ বছরের মৎস্য সপ্তাহ গতকাল থেকে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে মাছ রপ্তানির সঙ্গে সম্পৃক্তদের মাছের মান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে অনৈতিক পন্থা অবলম্বনকারীদের সতর্ক করে দেন। তিনি বলেন, তাঁর সরকার চিংড়ি, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির জন্য বিভিন্ন বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশ গত ছয় বছরে চিংড়ি, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ২৫ হাজার ১৩৫ কোটি টাকার বেশি আয় করেছে।
প্রধানমন্ত্রী এর আগে জাতীয় পর্যায়ে মৎস্য খাতে উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০ জন ব্যক্তি ও সংগঠনকে অ্যাওয়ার্ড প্রদান করেন।
প্রধানমন্ত্রী পরে শেরেবাংলা নগরে গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।