জলির পর পলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওর বাবা নেই, ভাই নেই; খুব কষ্টে পড়াশোনা করেছে। ভালো প্রাইভেট দিতে পারিনি, তার পরও খুবই ভালো ফল করেছে শুনে বুকটা ভরে যাচ্ছে। তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতো।’ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন খুরশিদা পারভিন পলির মা সাজেদা বেগম। তিনি জানান, ২০০৬ সালের ১৩ ডিসেম্বর রাতে পলির বাবাসহ তিন গ্রামপুলিশকে কর্ত-ব্যরত অবস্থায় সন্ত্রাসীরা কুপিয়ে জবাই করে হত্যা করে। কিন্তু সেই ঘটনার বিচার পর্যন্ত পাওয়া গেল না। তখন থেকে অভিভাবকহীন হয়েও দুই বোন শত কষ্টের মধ্যে পড়াশোনা করছে। ২০০৭ সালে তার বড় বোন জলি এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। এ নিয়ে ২০০৭ সালের ১ নভেম্বর প্রথম আলোয় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। জলি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের নিহত গ্রামপুলিশ সদস্য আবদুল জলিলের মেয়ে পলি এবারের এসএসসি পরীক্ষায় ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন বলেন, গ্রাম থেকে ছয়-সাত কিলোমিটার হেঁটে কষ্ট করে পলি এই স্কুলে লেখাপড়া করেছে। তার পড়াশোনা ও মেধা দেখে তাঁরা সবাই বিস্মিত।সাড়ে তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর পলিদের পরিবারের খোঁজখবর কেউ নেয় না। তার পরও পলির ভালো ফলাফলে এলাকা-বাসী খুব খুশি। ক্ষেতলালের ফুলদিঘি দুস্থ মহিলা উন্নয়ন সংস্থার সম্পাদিকা লতিফা হেলেন বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের সারা দিন প্রাইভেট দিয়েও ভালো ফলাফল করতে পারে না। আর হতদরিদ্র মায়ের সন্তান পলি এত ভালো ফলাফল করায় আমরা অবাক।’