জলিলকে ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে ১৮ জানুয়ারি হাজির হতে বলেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ এ আদেশ দেন।গতকালই আব্দুল জলিলের আদালতে হাজির হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল। কিন্তু তাঁর আইনজীবী গতকাল সময় চেয়ে করা এক আবেদনে আদালতকে বলেন, আব্দুল জলিল অসুস্থ। তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ জন্য উপস্থিত হতে পারেননি। তাঁর সময় প্রয়োজন। আইনজীবী আরও বলেন, আব্দুল জলিল হাইকোর্টের দেওয়া জামিনে রয়েছেন।শুনানি শেষে আদালত সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেন এবং ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন। গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আব্দুল জলিল একজন সম্মানিত সাবেক সাংসদ হওয়া সত্ত্বেও আয়কর বিবরণীতে প্রকৃত আয় এবং সম্পদের তথ্য গোপন করেছেন। মামলার আরজিতে আরও বলা হয়, আব্দুল জলিল ২০০৩-০৪ করবর্ষে প্রাপ্ত সুদ থেকে আয়, নিজের ও স্ত্রী জেসমিন বানুর নামে বিভিন্ন ব্যাংকে আমানতের স্থিতি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করা অর্থ এনবিআরে জমা দেওয়া বিবরণীতে উল্লেখ করেননি। তিনি মিথ্যা হলফনামা দিয়ে বিবরণী দাখিল করেন। একই ভাবে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫৪ লাখ ৬০ হাজার টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য কর চার লাখ সাত হাজার টাকা তিনি ফাঁকি দিয়েছেন।