জলে টলমল আগুনযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে বঁাশের সাঁকো পেরিয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনে যাতায়াত করতে হয় কর্মীদের (ওপরে)  স্টেশনের  ২০ হাত দৈর্ঘ্যের এবং ১৫ হাত প্রস্থের এই কক্ষে গাদাগাদি করে থাকেন ২২ জন কর্মী  l প্রথম আলো
এভাবে বঁাশের সাঁকো পেরিয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনে যাতায়াত করতে হয় কর্মীদের (ওপরে) স্টেশনের ২০ হাত দৈর্ঘ্যের এবং ১৫ হাত প্রস্থের এই কক্ষে গাদাগাদি করে থাকেন ২২ জন কর্মী l প্রথম আলো

বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা অংশে ভাসছে সদরঘাট নদী ফায়ার স্টেশনটি। সেখানে যেতে হলে প্রথমে উঠতে হয় বাঁশের সাঁকোয়। সাঁকোর শেষ প্রান্তে বাঁধা আছে স্পিডবোট। সাঁকো থেকে নেমে স্পিডবোটের ওপর দিয়ে টলমল পায়ে হেঁটে যাতায়াত করতে হয় ওই ফায়ার স্টেশনে।
স্টেশনকর্মীদের জলে ভাসা জীবনে আছে আরও নানা ভোগান্তি। ছোট্ট একটা কক্ষে ঘুমান ২২ জন ফায়ার সার্ভিসকর্মী। স্টেশনপ্রধানের জন্য অবশ্য ছোট্ট একটি কক্ষ বরাদ্দ আছে। ওয়াসার একটি সংযোগ থাকলেও ভাসমান এই স্টেশনে পানীয় জলের সংকট চরম।
বুড়িগঙ্গা নদী-সংলগ্ন স্থাপনা বিশেষ করে লঞ্চ, জাহাজে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সমস্যায় সেবা দিতে ২০১২ সালে সদরঘাট ফায়ার স্টেশন চালু হয়। তবে এর জন্য কোনো জায়গা বরাদ্দ করা হয়নি। নদীতে একটি পন্টুনে ভাসমান অবস্থায় আছে স্টেশনটি। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে জীবন কাটাচ্ছেন। বড় লঞ্চ আর জাহাজ যখন পাশ দিয়ে যায়, তখন স্টেশনটি দুলতে থাকে।
স্টেশন লিডার মোজাম্মেল হক বলেন, ‘রাতের বেলা যখন লঞ্চ নদী দিয়ে যায় তখন ঢেউয়ে পন্টুন এমনভাবে দুলতে থাকে যে বিছানায় থাকা কষ্টকর হয়। আচমকা ঘুম ভেঙে যায়। এ বড় কষ্টের জীবন!’
কয়েকজন কর্মী জানালেন, রোদে লোহার তৈরি পন্টুন প্রচণ্ড গরম হয়ে যায়। তখন স্টেশনে থাকা কঠিন। গত কয়েক দিনের গরমে দুর্বিষহ জীবন কেটেছে তাঁদের।
স্টেশন সূত্র জানায়, কর্মীদের জন্য একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থাকলেও সেটা অনেক আগে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি স্টেশনের টেলিভিশনটিও এক বছর ধরে নষ্ট। কোনো ধরনের বিনোদনের ব্যবস্থা নেই সেখানে।
ফায়ার স্টেশনের কর্মীরা বলেন, কেনাকাটা করার জন্য তাঁদের যেতে হয় কদমতলী বাজারে। আর বাইরে যেতে হলে তাঁদের বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। সাঁকো দিয়ে যাতায়াতের পথে কয়েকজন কর্মীর মুঠোফোন পানিতে পড়েও গেছে।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের থাকার জন্য আছে ২০ হাত দৈর্ঘ্যের এবং ১৫ হাত প্রস্থের একটি কক্ষ। সেখানে দোতলা লোহার খাটের চারটি সারি। খাটের প্রস্থ দুই হাত। খাটের সঙ্গে ঝোলানো কর্মীদের জামাকাপড়।
হুমায়ুন কবির নামের একজন ফায়ার সার্ভিস কর্মী বললেন, ছোট্ট লোহার খাটে ঘুমানো কঠিন। তারপরও ফায়ার কর্মীরা ওই একটি কক্ষে ঘুমাচ্ছেন।
ফায়ার কর্মীরা খাবার পানির চরম সংকটে ভুগছেন। কর্মীরা জানান, স্টেশনে ওয়াসার পানির সংযোগ আছে। সেই পানি নিজস্ব পদ্ধতিতে পরিশোধন করে তাঁরা পান করেন। কিন্তু এতে স্টেশনের ২৩ জন কর্মীর চাহিদা মেটে না। পানি আনতে তাঁদের যেতে হয় কদমতলীর উজালা ফ্যাক্টরির কাছে; যা স্টেশন থেকে অন্তত আধা কিলোমিটার দূরে।
পন্টুনের ওপর স্থাপিত স্টেশনটির অবস্থান প্রথমে ছিল বুড়িগঙ্গায় আহসান মঞ্জিলের সামনে। পরে স্টেশনটি পোস্তগোলায় নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রথম আলোকে বলেন, জায়গা বরাদ্দ না পাওয়ায় বুড়িগঙ্গায় সদরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় কাজ করছেন। তাঁদের যাতায়াত, খাওয়া-দাওয়া, ঘুমানোয় অনেক কষ্ট করতে হচ্ছে। তিনি জানান, জায়গা বরাদ্দ চেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভালো ফল আসেনি।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেন, জমি বরাদ্দ দেওয়ার এখতিয়ার বিআইডব্লিউটিএর নেই। জমি বরাদ্দ দেওয়ার এখতিয়ার রাখেন জেলা প্রশাসক।
ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সদরঘাটে বুড়িগঙ্গার তীর-সংলগ্ন এলাকায় বন্দোবস্তযোগ্য জমি নেই। ফায়ার সার্ভিস জমি চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করলে তাঁরা জমি খুঁজে দেখবেন।