জলে বন্দী যানে আটকা, স্থবির ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ২৭ মোড়ে জলজটের কারণে যানজটে গাড়ির দীর্ঘ সারি। ছবি: লুৎফরজামান
ধানমন্ডি ২৭ মোড়ে জলজটের কারণে যানজটে গাড়ির দীর্ঘ সারি। ছবি: লুৎফরজামান

টানা বৃষ্টিতে রাস্তাজুড়ে পানি। এর সঙ্গে মিশেছে নর্দমা আর ম্যানহোল উপচানো জল। এই গা-ঘিনঘিনে পানি কোথাও হাঁটু অবধি, কোথাও বা কোমর ছুঁই ছুঁই। পানি দেখে অনেক এলাকায় হাত গুটিয়ে বসে রিকশা ও ভ্যানচালকেরা। নিরুপায় পথচারী এভাবেই জলের ঘেরে বন্দী। আর যাঁরা যানবাহনে উঠেছেন, তাঁরা জটের জালে আটকা। সকাল থেকে আজ বুধবার রাজধানী ঢাকার জনজীবন এভাবেই স্থবির হয়ে পড়ে।

বেলা দুইটার কিছু পরে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। এরপরও বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কাঁঠালবাগান, গ্রিন রোড, পশ্চিম কলাবাগান, রাজাবাজার, তেজতুরী বাজার ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। বেশ কয়েক জায়গায় পানির কারণে দোকানপাট বন্ধ ছিল। ধানমন্ডি ২৭ নম্বরে পানি জমার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কাঁঠালবাগান ঢালের পর একটি গলিতে কোমরপানি জমে। পান্থপথ ট্রাফিক সিগন্যালের কিছু আগে গ্রিন রোডে হাঁটুপানি পেরিয়ে চলাচল করেছেন এলাকাবাসী। এ ছাড়া পশ্চিম কলাবাগান এলাকার অলিগলিতে হাঁটুপানি জমে ছিল। রাজাবাজার ও তেজতুরী বাজার এলাকার কিছু কিছু গলিতে কোমরপানিতে এলাকাবাসীকে চলাচল করতে দেখা গেছে।

রাজাবাজার এলাকায় কোমরপানি পার করে দেওয়ার জন্য ‘পানি পার’ সার্ভিস চালু করেছেন রিকশাচালকেরা। অর্থাৎ, পানিতে ডুবে যাওয়া জায়গা পার করে দেবেন তাঁরা। এই ‘পানি পার’ সার্ভিসে কেউ নিচ্ছেন ১০ টাকা, আবার কেউবা ২০ টাকা। রিকশাচালকেরা ভিজে জবুথবু হয়ে যাত্রী পার করছেন। রিকশাচালক আকবর আলী বলেন, পচা পানি শরীরে কুটকুট কামড়ায়। টাকা উপার্জনের পাশাপাশি মানুষের উপকার হওয়ায় তিনি এখানে মানুষ পার করছেন।

রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজতুরী বাজার এলাকায় সব দোকানপাট বন্ধ। এই এলাকায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির বুকসমান পানি জমে গেছে। বেশির ভাগ দোকানের ভেতরে পানি ঢুকে পড়ায় দোকান বন্ধ করে চলে গেছেন মালিকেরা। এ এলাকাতেও ভ্যান এবং রিকশায় ১০ টাকায় পানি পার সার্ভিস চালু রয়েছে। যাঁরা দূরে যেতে রিকশা ঠিক করছেন, তাঁদের অন্য সময়ের চেয়ে একটু বেশি টাকা খরচ করতে হচ্ছে। অফিস শেষে এ এলাকা দিয়ে বাড়ি ফেরেন অনেকে। এ ছাড়া যাঁদের বাড়ি এই এলাকায়, তাঁরা সবাই গৃহবন্দী হয়ে পড়েছেন।

চলার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে ছুটছে একটি গাড়ি। ছবি: লুৎফরজামান
চলার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে ছুটছে একটি গাড়ি। ছবি: লুৎফরজামান

তেজতুরী বাজার এলাকার বাসিন্দা মশাররফ হোসেন বলেন, এই এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। ভারী বৃষ্টি হলে বুকসমান পানি জমে যাওয়া এই এলাকার নিয়মিত দৃশ্য। কারওয়ান বাজারে অফিস হওয়ার কারণে কষ্ট হলেও তিনি এই এলাকায় থাকছেন।

জলাবদ্ধতার কারণে রাস্তায় যানজট পরিস্থিতিও ছিল অন্য দিনের চেয়ে বেশি। পান্থপথ মোড় থেকে কলাবাগান মোড় পর্যন্ত উভয় পাশের সড়কে গাড়ি প্রায় ৩০ মিনিট ঠায় দাঁড়িয়ে ছিল। এ ছাড়া কলাবাগান মোড় থেকে শুরু করে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত প্রায় সব ধরনের গাড়ি ঘণ্টা খানেক দাঁড়িয়ে ছিল। স্কুল থেকে এক শিশুকে নিয়ে ফিরছিলেন ব্যক্তিগত গাড়ির চালক মো. রাসেল। তিনি বলেন, ধানমন্ডির একটি স্কুল থেকে তিনি বেলা একটায় বের হয়ে তিনটায় কলাবাগান মোড়ে এসে গাড়ি বন্ধ করে বসে আছেন।

ধানমন্ডির সোবহানবাগ এলাকায় বেশ কয়েকজন বাসচালকের সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজিমপুর থেকে সোবহানবাগ আসতে তাঁদের সময় লেগেছে দুই ঘণ্টা। এ সময়ে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে গেছেন। যাঁরা নিরুপায়, তাঁরা গাড়িতেই বসে ছিলেন। বাসযাত্রী শাহানা বেগম বলেন, এমনিতেই ঢাকায় আগের চেয়ে যানজট বেড়েছে। এখন জলাবদ্ধতার কারণে যানজট সহ্যের সীমা পেরিয়ে গেছে।