জলে ভাসল দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রূপসা নদীতে নামানো হয়েছে নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ। এ উপলক্ষে গতকাল সোমবার খুলনা শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি এই যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নতুন জাহাজ অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ নৌবাহিনী আমাদের বর্ধিত সম্পদ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’ দীপু মনি আরও বলেন, ‘বিশ্ববাজারে জাহাজ নির্মাণের ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগানোর সুবর্ণ সুযোগ এখন আমাদের দ্বারপ্রান্তে। অদূর ভবিষ্যতে বিদেশেও জাহাজ রপ্তানি করা যাবে। এই শিল্পের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।’ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর আর ইউ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদ, খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী প্রমুখ। আর ইউ আহম্মেদ প্রথম আলোকে জানান, গত বছর নৌবাহিনীর সঙ্গে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের পাঁচটি যুদ্ধজাহাজ (পেট্রল ক্রাফ্ট) নির্মাণের চুক্তি হয়। এরই অংশ হিসেবে গতকাল ওই জাহাজটির উদ্বোধন করা হলো। অন্যগুলোর নির্মাণকাজ চলছে। চুক্তি অনুযায়ী আড়াই বছরের মধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করে নৌবাহিনীর কাছে হস্তান্তরের কথা রয়েছে।