জলে মাছ নেই, আছে দস্যুদের উৎপাত
ইলিশ ধরার মৌসুমে মেঘনা ও সাগর মোহনায় ইলিশ পড়ছে নামমাত্র। জলদস্যুদের লুটতরাজ, খুন, অপহরণ ও মুক্তিপণ-আতঙ্কে জেলেরা নদীর বুকে নৌকা ভাসাতে ভয় পান। চলতি মৌসুমে দুই শতাধিক মাছ ধরার নৌকা জলদস্যু বাবুল-কালাম, সকেট ও মেঘনা জাকির বাহিনীর কবলে পড়েছে। জেলেদের অভিযোগ, এ বছর মেঘনায় কোনো মাছ নেই। জেলেরা মাছ পাওয়ার জন্য সাগরমোহনার দিকে ছুটছেন। প্রতিনিয়তই তাঁদের জলদস্যুদের কবলে পড়তে হচ্ছে। জলদস্যু প্রতিরোধে তাঁরা সংবাদ সম্মেলন, স্মারকলিপি দেওয়াসহ শহরে বিক্ষোভ পর্যন্ত করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। জলদস্যু বাহিনীর সদস্যদের চাঁদা দিয়েও রেহাই পাচ্ছেন না জেলেরা। কোস্টগার্ড ও পুলিশ মেঘনা ও সাগরমোহনায় টহল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের আবদুল বাকেরের ছেলে আবুল হোসেন (৫০) সাগরে মাছ ধরতে গেলে চর নিজামের মেঘনা থেকে দুই কিলোমিটার দক্ষিণে জলদস্যুদের গুলিতে নিহত হন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন। ২৭ সেপ্টেম্বর ঢালচর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকের হাতিয়া উপকূলে চরফ্যাশনের ঢালচরের হারুন মাঝি, আবু তাহের মাঝি, নাছির মাঝি, কুকরির মনুরা ঘাটের হাফেজ ও বাবুল মাঝির ট্রলার এবং সামরাজ ঘাটের জয়নাল মাঝি, নিরব, সোহরাব, রিপন মাঝির ট্রলারসহ ১০টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। গত ২৮ সেপ্টেম্বর ভোরে চরফ্যাশনের ঢালচর থেকে দক্ষিণে সাগরমোহনায় জলদস্যুরা জসিম মাঝি ও ইউনুস মাঝির নৌকায় হামলা চালায়। জেলেরা নৌকা নিয়ে পালাতে গেলে জলদস্যুরা গুলি ছোড়ে। এদিন জসিম গুলিবিদ্ধ হন। ২৯ সেপ্টেম্বর তিনটি ট্রলারে ডাকাতি হয়। ডাকাতদের এলোপাতাড়ি কোপে সিরাজ মাঝি, কালাম মাঝি, জাহাঙ্গীর মাঝি আহত হন। অন্য পাঁচ জেলে তিন দিন নিখোঁজ ছিলেন। জলদস্যুরা একটি ট্রলারসহ মালেক খলিফাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।গত ৩০ সেপ্টেম্বর সাগরমোহনার তাউড়ার মেঘনায় আবুল হোসেন মাঝি, মাহবুব মাঝি ও খলিল মাঝির তিনটি সাগরগামী মাছ ধরার নৌকা জলদস্যুর কবলে পড়ে। এ সময় নৌকার ১৫ জেলেকে পিটিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়ে ১৫ লাখ টাকার মালামাল লুট করে দস্যুরা। ২ অক্টোবর ভোলার পাঙ্গাশিয়ার সিডু মাঝির মাছ ধরার নৌকা মধুপুরের পূর্বের মেঘনা থেকে জলদস্যুরা লুট করেছে। আফজাল হোসেন মাঝি নামের এক জেলে বলেন, ‘মেঘনা জাকির বাহিনী চর মনুরা ও ঢালচর মাছঘাটসহ বিভিন্ন ঘাট থেকে নিয়মিত চাঁদা তুলছে। এ চাঁদার পরিমাণ ১০০ থেকে ৫০ হাজার টাকা। নদীতে মাছ ধরতে গেলে জাকিরকে চাঁদা দিতে হবে। আগাম দিলে ডাকাতি হওয়ার ভয় কম। কম টাকা মুঠোফোনে ফ্লেক্সি করে দিতে হয়। একেক সময় একেক নম্বর থেকে ফোন করে তারা। চরফ্যাশন শহরের বটতলা থেকে নগদ টাকা নেয়।’ লালমোহন বাত্তির খাল মৎস্য অবতরণ কেন্দ্রের ফারুক মাঝি বলেন, জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরমোহনায় মাছ ধরতে যেতে পারছেন না। গত এক সপ্তাহে ১২টি নৌকায় ডাকাতি হয়েছে। চরফ্যাশনের ঢালচর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার বলেন, সাগরমোহনায় পুলিশ ও কোস্টগার্ডের কোনো টহল না থাকায় এ মৌসুমে কমপক্ষে ৫০টি ট্রলারে ডাকাতি হয়েছে। হাতিয়ার জলদস্যুরা এ ডাকাতি করছে। কোস্টগার্ডের (দক্ষিণাঞ্চল) অভিযান কর্মকর্তা লে. আবদুল কাইয়ুম সাগরমোহনাসহ মেঘনায় ডাকাতির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জলদস্যুতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। তাঁরা ভোলা, লক্ষ্মীপুর, রামগতি, তজুমদ্দিন, দক্ষিণ আইচা ক্যাম্প থেকে অভিযান চালাচ্ছেন। এ ক্ষেত্রে সব সময় অভিযান চালানোর জন্য ব্যাপক লোকবল, দ্রুতগামী নৌকা ও ক্যাম্প-সরঞ্জাম দরকার। ভোলার পুলিশ সুপার বশির আহম্মেদ বলেন, যারা জলদস্যুদের প্রশ্রয় দিচ্ছে, সেই প্রশ্রয়দাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।