জলের দরে জলমহাল ইজারা
বগুড়ার আদমদীঘি উপজেলায় ব্যক্তিমালিকানাধীন এক বিঘার একটি জলমহাল তিন বছরের জন্য ইজারা হচ্ছে কমপক্ষে এক লাখ টাকায়। সেখানে একই পরিমাণ সরকারি জলমহাল একই সময়ের জন্য ইজারা দেওয়া হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এ বিষয়ে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী জলমহালগুলোর ডাকমূল্য নির্ধারণ করা হয়েছে। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জলমহালের মূল্য পুনর্নির্ধারণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, খাস জলমহালের মূল্য নির্ধারণ তার এখতিয়ারভুক্ত নয়। এটি পরিবর্তনের জন্য আইনের সংশোধন প্রয়োজন। প্রতি বছর আগের দরপত্রের চেয়ে ১০ শতাংশ মূল্য বৃদ্ধি করে দরপত্র আহ্বান করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের পারিবারিক মালিকানাধীন চার বিঘারও বেশি আয়তনের জলমহাল এক মৎস্য ব্যবসায়ীর কাছে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে তিন লাখ টাকায়। একই গ্রামের বাসিন্দা আবুল কাসেম তাঁর তিন বিঘা আয়তনের জলাশয়টি তিন বছরের জন্য ইজারা দিয়েছেন আড়াই লাখ টাকায়। পক্ষান্তরে উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামে পোড়া পুকুর নামের প্রায় চার বিঘা ছয় শতকের সরকারি জলমহাল তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০০ টাকায় এবং আদমদীঘি সদরের রামপুরা গ্রামে এক বিঘা (৩৩ শতক) আয়তনের আড়িয়াগাড়ী পুকুর একই সময়ের জন্য ইজারা দেওয়া হয়েছে ২৫০ টাকায়। একইভাবে বিনাহালী গ্রামের সাত বিঘা ১২ শতক আয়তনের ছোটদুখু নামের পুকুরটি এবার ইজারা দেওয়া হয়েছে মাত্র আট হাজার টাকায় এবং ১১ বিঘা ১২ শতক আয়তনের বড়দুখু পুকুরটি ইজারা দেওয়া হয়েছে ২৫ হাজার ৫০০ টাকায়। এই আয়তনের ব্যক্তিমালিকানাধীন পুকুরের তিন বছরের ইজারা মূল্য কম করে হলেও পাঁচ থেকে আট লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা সদরের মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, প্রতিবছর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রভাব খাটিয়ে বিভিন্ন মৎস্য সমিতির নামে জলমহালগুলো সরকারি ডাকমূল্যে ইজারা নেন। পরে তাঁরা অবৈধভাবে অর্থের বিনিময়ে ওই সমিতির কাছে অথবা অন্য কাউকে ইজারা দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে প্রকৃত মৎস্যজীবী সমিতির সংখ্যা মাত্র ২৮টি। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি সমিতি দুটি করে জলমহাল ইজারা পেতে পারে। উপজেলার ২৮টি সমিতির মধ্যে ১৫টি সমিতির নামে কিছু পুকুর ইজারা থাকার কারণে চলতি বছরে ১৩টি সমিতি দরপত্রে অংশ নেয়। সমিতিগুলো ২১টি জলমহালের জন্য দরপত্র জমা দেয়। সরকারি ডাকমূল্য অনুযায়ী ওই সমিতিগুলোর নামে জলমহালগুলো ইজারা দেওয়া হয়েছে।সান্তাহার এলাকার মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, যে নিয়মে তিন বছরের জন্য ২১টি জলমহাল ইজারা দেওয়া হয়েছে, তাতে করে এই জলমহাল থেকে সরকার রাজস্ব পাবে মাত্র সাড়ে নয় লাখ টাকা। কিন্তু ব্যক্তিমালিকানাধীন এ রকম ২১টি পুকুরের তিন বছরের ইজারামূল্য বর্তমানে কমপক্ষে ৯৫ লাখ টাকা। সে হিসাবে ওই ২১ পুকুর থেকে সরকার প্রায় ৮৫ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। এদিকে খাস জলমহালের সরকারি মূল্যের ব্যবধান আকাশ-পাতাল হওয়ায় উপজেলার অবশিষ্ট জলমহালের জন্য সরকারের রাজস্ব বঞ্চিত হবে প্রায় পাঁচ কোটি টাকা।