জলোচ্ছ্বাসে বাঁধ বিলীন, সড়কে ক্ষতি, দুর্ভোগ

জলোচ্ছ্বাসে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় বিষখালী নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ বিলীন হওয়ার পাশাপাশি বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা পানির স্রোতে ভেঙে গেছে। এতে স্থানীয় লোকজনকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টানা সাত দিনের অস্বাভাবিক জোয়ারে বেতাগী উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
এতে পৌর শহরের সদর রোড, স্টেশন রোড, কালীবাড়ি সড়ক, খাড়াকান্দা আবের আলী মল্লিক সড়ক, বাজার সড়ক, হাইস্কুল সড়ক, হাসপাতাল সড়ক, পৌর ভবনসংলগ্ন বেড়িবাঁধ সড়ক, উত্তর বেতাগী সড়ক, দক্ষিণ বেতাগী সড়ক, পশু হাসপাতাল সড়ক, খাদ্যগুদাম সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়কের অনেক জায়গা ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কয়েকটি স্থানে রাস্তার বিরাট অংশ জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে।
জলোচ্ছ্বাসে বেতাগী পৌর শহর ছাড়াও বেতাগী সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা-বেতাগী সড়ক, বেতাগী-কেওয়াবুনিয়া-ঝোপখালী সড়ক, ভোলানাথপুর সড়ক, হোসনাবাদের জলিশা-বেতাগী সড়ক, জলিশা বাজার সড়ক, মোকামিয়া লঞ্চঘাট সড়ক, বুড়ামজুমদারের বদনীখালী-কাউনিয়া বাজার সড়ক, কাজিরাবাদের চান্দখালী বাজার সড়ক, সরিষামুড়ির কাজিরাবাদ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের অনেক জায়গায় পিচ, খোয়া উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল চরম বিঘ্নিত হচ্ছে।
বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাস বলেন, ‘জলোচ্ছ্বাসে অনেকগুলো রাস্তার ক্ষতি হয়েছে। কিন্তু অর্থ না থাকায় তাৎক্ষণিকভাবে আমরা এসব রাস্তা মেরামতের উদ্যোগ নিতে পারছি না। তার পরও যত দ্রুত সম্ভব এসব রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান কবির বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক ও রাস্তাঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।