জলোচ্ছ্বাসে উত্তাল মেঘনার চারটি পথে সি-ট্রাক চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলোচ্ছ্বাসের কারণে চার দিন ধরে ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উত্তাল মেঘনার চারটি পথে গত বৃহস্পতিবার থেকে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন গতকাল শুক্রবার বলেন, গত ২৮ মে জলোচ্ছ্বাসে ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে যায়। মূল সড়ক থেকে ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওই দিন কিষাণী নামের একটি ফেরি ১৫টি ট্রাক নিয়ে লক্ষ্মীপুর থেকে এসে ভোলা ঘাটে ভিড়তে পারেনি। ফেরিটি চার দিন ধরে পন্টুনের সঙ্গে আটকা আছে।

এ ছাড়া মেঘনা উত্তাল থাকায় বৃহস্পতিবার থেকে তজুমদ্দিন-মনপুরা, ইলিশা-মজু চৌধুরীর হাট, বরিশাল-ভোলা-মজু চৌধুরীর হাট ও হাকিমউদ্দিন-আলেকজান্ডার পথে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

ইলিশা ফেরিঘাট এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল ভোরে সেখানকার ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এ ছাড়া সদর উপজেলার সি-ট্রাকঘাট, ট্রলারঘাট ও বিশ্বরোডের মাথা লঞ্চঘাটের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান মেঘনায় ভেসে গেছে। বিশ্বরোডের মাথা-জংশন সড়কের একটি বড় অংশ ভেসে গেছে।

ইলিশা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ ফরাজী বলেন, জোয়ার-জলোচ্ছ্বাসে ১২ দিন ধরে ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা সদরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, গত ২০ বছরে কখনো ভোলার মানুষ টানা ১২ দিন পানিবন্দী ছিল না। মহাসেনের আঘাতের দু-তিন দিন পরে জোয়ারে বাঁধ ভেঙে ভোলা সদরের রাজাপুর, পূর্ব ইলিশা, কাচিয়া, ধনিয়া ও শিবপুরে পানি উঠতে থাকে। পূর্ণিমার প্রভাব শেষ হলেও জোয়ারের পানির উচ্চতা কমেনি, বরং বাড়ছে। পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘নিম্নচাপের প্রভাবে উচ্চ জোয়ার জলোচ্ছ্বাসে পরিণত হয়েছে। সাত-আট ফুট উঁচু জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এর আগে কখনো এত পরিমাণ বাঁধের ক্ষতি হয়নি। কী করব, বুঝতে পারছি না।’