জলোচ্ছ্বাসে দিশেহারা কৃষকেরা
উদ্যমী যুবক ইলিয়াসের দুই চোখে হতাশার অন্ধকার। টানা চার দিনের জলোচ্ছ্বাস তাঁর সব স্বপ্ন আর পরিশ্রম তছনছ করে দিয়েছে। এত দিন খেতের সামনে দাঁড়িয়ে যে যুবক সমৃদ্ধির স্বপ্নে বিভোর হতেন, এখন সেখানে এলে তাঁর বুক ভেঙে যায়। সবুজ খেত এখনো ডুবে আছে জোয়ারের নোনা জলে। কীভাবে ধারদেনা পরিশোধ করবেন, কীভাবে আবার উঠে দাঁড়াবেন, তা ভেবে কূলকিনার করতে পারছেন না ইলিয়াস।গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার মাঝেরচর এলাকায় গিয়ে দেখা যায়, বিবর্ণ চেহারার ইলিয়াস পানিতে নিমজ্জিত খেতে হাঁটাহাঁটি করছেন। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিজের পকেটের প্রায় তিন লাখ টাকা খরচ করে প্রায় তিন একর জমিতে মরিচ, তরমুজ, বাঙ্গি এবং একটি দাতা সংস্থার সহায়তায় ৩৩ শতক জমিতে চিনাবাদাম ও সবজির প্রদর্শনী খামার করেছিলাম। টানা জোয়ারের লোনা পানিতে ডুবে সব শেষ হয়ে গেল।’ ইলিয়াসের মতো আরও অনেকেই এমন দুর্দশার কথা জানান। এই চরে বসবাসকারী প্রায় ৪০০ পরিবারের জীবিকার একমাত্র উৎস হচ্ছে কৃষি। জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে এসব পরিবারের কৃষকদের খেত-খামার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা এলাকায়ই হতাশার ছাপ লক্ষ করা গেল।মাঝেরচরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালাম জানান, মাঝেরচরে এবার ১৫০ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়েছিল। চার দিনের জলোচ্ছ্বাসে এর পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো এই এলাকার চরে দু-তিন ফুট পানি জমে আছে। ফলে কোনোভাবেই এই এলাকার ফসল রক্ষা করা সম্ভব নয়।বরইতলা গ্রামের কৃষক আলী হোসেন বলেন, ‘পূর্ণিমার জোয়ারে মোগো কোমরডা ভাইঙ্গা দেছে। এহন যে উইট্টা খাড়ামু হেই শক্তিও নাই। দেড় একর জমিতে তরমুজ ও ৪০ শতক জমিতে মুগডাল চাষ করছিলাম। জোয়ারের পানিতে সব শ্যাষ অইয়্যা গ্যাছে।’ একই এলাকার আবদুল হাকিম জানান, ঘূর্ণিঝড় সিডরের পর এই চার বছরে একটা ফসলও ঘরে নিতে পারেননি।জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ বছর জেলায় ৬৬ হাজার ৬৫৬ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়। চার দিনের অব্যাহত জলোচ্ছ্বাসে ৪৩০ হেক্টর জমির রবিশস্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরেজমিনে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া যায়, তাতে ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের কয়েক গুণ বেশি।