জসীম পল্লি মেলার উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিশুদের মধ্যে মানবিক গুণাবলির বীজ বপন করতে হবে। ভালো ছাত্র ও জ্ঞানী হওয়াই মুখ্য উদ্দেশ্য নয়, সঙ্গে মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এ জন্য প্রয়োজন সংস্কৃতি চর্চা।
গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুরে জসীম পল্লি মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর। এর আগে তিনি কবি জসীম উদ্দীনের পারিবারিক কবরস্থানে একটি ডালিম গাছের চাড়া রোপণ করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আসাদুজ্জামান নূর বলেন, আগে সন্ধ্যা হলে শহরের বিভিন্ন বাড়ি থেকে হারমোনিয়ামের সুর শোনা যেত। আর এখন শোনা যায় টেলিভিশনের শব্দ। ভোর হলেই শিশুদের দেখা যায় বইয়ের বোঝা নিয়ে বিদ্যালয়ে যেতে। শিশুরা বড় হয়ে শিক্ষিত হয়ে বিদেশে চলে যায় আর মা-বাবার খোঁজ রাখে না। তাঁদের স্থান হয় বৃদ্ধাশ্রমে।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জসীম উদ্দীন যে গ্রামবাংলার কবি ছিলেন, আমরা সেই জসীম উদ্দীনকে লালন ও ধারণ করতে চাই। আজ বিদেশি ও বিজাতীয় সংস্কৃতি গ্রামে হানা দিয়েছে।’ তিনি বলেন, কবির কুমার নদ আজ যৌবন হারিয়েছে। এই সরকারের আমলে কুমার নদকে খনন করে স্রোতস্বিনী করা হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জামিল হাসান, কবি জসীম উদ্দীনের ছেলে জামাল আনোয়ার প্রমুখ।
এর আগে দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে সংস্কৃতিমন্ত্রী স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।