জসীমউদ্দীনের নামে সাহিত্য পুরস্কার চালু বাংলা একাডেমির
পল্লিকবি জসীমউদ্দীনের নামে সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। পাঁচ লাখ টাকা অর্থমূল্যের আজীবন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে এ পুরস্কার। এক বছর পর পর ষাটোর্ধ্ব বাংলাদেশি নাগরিককে এ পুরস্কার দেওয়া হবে।
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এ ঘোষণা দেন। তিনি জানান, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলা একাডেমি যেসব পুরস্কার দেয়, তার মধ্যে এটিই হবে সবচেয়ে বেশি মূল্যমানের পুরস্কার। একই সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্যমান এক লাখ টাকা থেকে বাড়িয়ে এ বছর থেকে দুই লাখ টাকা করা হয়েছে।
জসীমউদ্দীন পুরস্কার প্রসঙ্গে শামসুজ্জামান খান বলেন, পুরস্কারটির জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ বছর মার্চ মাসে একজন সাহিত্যিককে পুরস্কারটি দেওয়া হবে। তবে এই পুরস্কার মরণোত্তর প্রদান করা হবে না কাউকে। কবিতা, গল্প, উপন্যাসসহ কথাসাহিত্যের যেকোনো শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি প্রদান করা হবে।
শামসুজ্জামান খান আরও জানান, চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। এবার গেল বছরের তুলনায় আরও বড় পরিসরে মেলা হবে। স্টল এবং প্যাভিলিয়নের সংখ্যা বাড়ছে। বরাবরের মতো এবারও ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আনুষ্ঠানিকভাবে এই সাহিত্য সম্মেলনটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। সে সময় অনুষ্ঠেয় বিভিন্ন সেমিনারে যোগ দেবেন বিশ্বের ১০টি দেশ থেকে আসা কবি, সাহিত্যিক ও লেখকেরা।
এ ছাড়া গ্রন্থমেলার মধ্যেই দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের ৭০তম বর্ষও উদ্যাপনের কথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।