জহির রায়হানের ৩৮তম অন্তর্ধান দিবস আজ
বিশিষ্ট চলচ্চিত্রকার ও কথাশিল্পী জহির রায়হানের ৩৮তম অন্তর্ধান দিবস আজ ৩০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে তিনি বড় ভাই শহীদুল্লা কায়সারের খোঁজে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে বিজয়ের পরপর নিখোঁজ হন শহীদুল্লা কায়সার। ৭২-এর এই দিনে জহির রায়হানকে অজ্ঞাতনামা একজন ফোন করে জানায়, তাঁর ভাই মিরপুর বিহারি ক্যাম্পে আটক আছেন। তাঁকে উদ্ধার করতে জহির রায়হান সেখানে গেলে পরে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি।মিরপুর অঞ্চলটি তখনো আটকে পড়া পাকিস্তানি ও সাদা পোশাকে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করত। ধারণা করা হয়, জহির রায়হানকে মিরপুর বিহারি ক্যাম্পে স্বাধীনতাবিরোধীরা হত্যা করে। হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে প্রভৃতি জহির রায়হানের উল্লেখযোগ্য উপন্যাস। তিনি স্টপ জেনোসাইড, জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট—এর মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা।