জহিরউদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালালকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বিষয়টির নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ দেন।
জহিরউদ্দিন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী। তাঁর বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছিল।
আদেশে ট্রাইব্যুনাল বলেন, জহিরউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
আবার ইউসুফের জামিনের আবেদন: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের জামিনের জন্য আবারও আবেদন করা হয়েছে। গতকাল তাঁর আইনজীবী সাইফুর রহমান আবেদন জানালে ট্রাইব্যুনাল বলেন, কারাগার কর্তৃপক্ষকে ইউসুফের শারীরিক অবস্থার প্রতিবেদন পাঠাতে বলা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনা করবেন। এর আগে একবার ইউসুফের জামিনের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।