জহিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আগামী ৫ আগস্টের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে বিষয়টি তদন্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ দিন ধার্য করেন।
গতকাল জহিরউদ্দিনের পক্ষে আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী এবং মুন্সি আহসান কবিরের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি করেন।
২২ জুলাই জহিরউদ্দিন জালালকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও জহিরউদ্দিন জালালের আইনজীবী মহসিন রশীদ এ বিষয়ে সমঝোতা করলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। কিন্তু এ আদেশের পর জহিরউদ্দিন তাঁর আইনজীবী মহসিন রশীদকে প্রত্যাহারের আবেদন করেন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আইনজীবী তাঁর সঙ্গে কথা না বলেই অভিযোগকারী পক্ষের সঙ্গে সমঝোতা করেছেন। ওই সমঝোতা তিনি চাননি, তাই আইনজীবীকে প্রত্যাহারের আবেদন করেছেন।
জহিরউদ্দিনের বিরুদ্ধে গত ২৮ মে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে লাঞ্ছিত করার অভিযোগে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ৩০ জুন আদালত অবমাননার বিষয়ে রুলের লিখিত ব্যাখ্যায় জহিরউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা আজ: একই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। গতকাল আলীমের আইনজীবী হুজ্জাতুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, এ মামলার অন্যতম আইনজীবী আহসানুল হক অসুস্থ। তাই তিনি মামলা মুলতবির আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল জেরার জন্য আজ দিন ধার্য করেন।