জহিরুল আবার দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিশন ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলায় কে এম জহিরুল ইসলামের আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মাসুদ জামান এ আদেশ দেন।
এ মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত কৃষ্ণা কাবেরী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী। চলতি বছরের ৩০ মার্চ রাতে সিতাংশু শেখর বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর পরিচিত জহিরুল ইসলাম মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর বাসায় যান। একপর্যায়ে জহিরুল সিতাংশু শেখর, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করে হত্যার চেষ্টা করেন। কৃষ্ণা কাবেরী অগ্নিদগ্ধও হন। পরে কৃষ্ণা কাবেরী মারা যান।