জহিরুল হকের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ ফটোসাংবাদিক জহিরুল হকের মরদেহ দেশে আনার পর গতকাল সোমবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ গ্রামে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। এর আগে রাত সাড়ে আটটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে মরহুমের বাসভবনে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এ সময় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় অংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটোজার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতা, মরহুমের সুহৃদ ও সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে জহিরুল হক ইন্তেকাল করেন। দিল্লিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি সর্বশেষ ভারতের আজকাল পত্রিকার ঢাকার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।