নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জহিরুল হক ওরফে রায়হানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কবিরহাট উপজেলা ও পৌরসভা নাগরিক কমিটির ব্যানারে উপজেলা সদরের হাজি ইদ্রিস চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মানববন্ধনে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবিরহাট উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক এস এম ফারুক হোসেন, আওয়ামী লীগের নেতা সামছুদ্দিন সাকলাইন।
বক্তারা বলেন, বর্তমান মেয়র জহিরুল হকের বলিষ্ঠ নেতৃত্বে কবিরহাটে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী ২০ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে তাঁকে মেয়র পদে আবারও মনোনয়ন দিলে দলের বিজয় নিশ্চিত হবে ও পৌরসভার উন্নয়ন হবে।
১৪ ফেব্রুয়ারি কবিরহাট পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে উপজেলা সদরে পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠকে বসেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। ওই বৈঠকে মনোনয়ন নিয়ে ভোটাভুটি হলেও ফলাফল ঘোষণা করা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মঙ্গলবার রাতে ঢাকায় দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে বসার কথা রয়েছে।