জহিরুলের ভরাডুবির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহিরুল হক
জহিরুল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে মহাজোটের হয়ে লড়েছেন সাংসদ জহিরুল হক। আর দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন যুবলীগের কেন্দ্রীয় পর্ষদের পদত্যাগী প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৬৪৩ ভোট। আর জহিরুল পেয়েছেন ৩১ হাজার ৯০৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ২২ হাজার ৭৪০।
স্বতন্ত্র প্রার্থীর কাছে ক্ষমতাসীন জোট প্রার্থীর এমন পরাজয়ের পর ঘটনাটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ধানের শীষবিহীন ভোটযুদ্ধে নৌকা প্রতীকের হারের কারণ বা স্বতন্ত্র প্রার্থীর অধিক ভোটের ব্যবধানে জয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। অধিকাংশ লোকের মতে, স্বতন্ত্র প্রার্থীর জয়ের পেছনে মান্নান ভূঁইয়া পরিষদ নিয়ামক হিসেবে কাজ করেছে। আবার কেউ কেউ মনে করছেন, অনিয়ম ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মহাজোটের প্রার্থীর ব্যর্থতাই তাঁর ভরাডুবির কারণ।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে জহিরুলের প্রধান প্রতিশ্রুতি ছিল, জয়ী হলে তিনি সবজির হিমাগার, একটি মেডিকেল কলেজ ও ইপিজেড প্রতিষ্ঠা করবেন। প্রতি ওয়ার্ডে বিনা মূল্যে একটি করে ট্রাক্টর পৌঁছে দেবেন। কিন্তু প্রতিশ্রুতির কোনোটিই পূরণ করা হয়নি; বরং মহাজোটের শাসনামলে সাংসদের ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল আলম ওরফে রাখিল, ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জুনায়েদুল হক ওরফে জুনু ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিআর, কাবিখাসহ বহু প্রকল্পের অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁরা থানা ও উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেন। এতে এলাকাবাসী ভীষণ ক্ষুব্ধ। ভোটে এই ইস্যুগুলো কাজ করেছে।
অন্যদিকে সাংসদের ব্যর্থতার বিপরীতে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার নামে প্রতিষ্ঠিত আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ-এর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে থাকায় জয়-পরাজয়ের ব্যবধান বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংস্কারপন্থীর অপবাদ নিয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর মান্নান ভূঁইয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। প্রতীক ছিল হাঁস। সামান্য ভোটে হেরে যান তিনি। এই রাজনীতিকের মৃত্যুর পর জন্মভূমির মানুষের মধ্যে তাঁর হারের অনুশোচনা সৃষ্টি হয়। তাঁর নামে গঠিত হয় ‘আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ’। উপজেলাটিতে সংগঠনটির এখন ২২টি শাখা রয়েছে। স্থানীয় রাজনীতি ও সমাজনীতিতে ভূমিকা রাখাই এই পরিষদের প্রধান কাজ। নানা শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চক্রধা, মাছিমপুর, দুলালপুর, জয়নগর, বাঘাব, পুটিয়া ও আইয়ুবপুর ইউপির চেয়ারম্যানরা সক্রিয়ভাবে পরিষদের সঙ্গে জড়িত থেকে ভূমিকা রেখে আসছেন। সিরাজুল ইসলাম মোল্লা দলের সমর্থন হারানোর পর পরিষদটির বিশেষ প্রীতি পাওয়ার নীতি গ্রহণ করেন। প্রতীক নেন হাঁস। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মান্নান ভূঁইয়ার কবর জিয়ারত করেন। এই নেতার সঞ্চৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করতেন সিরাজুল। অবশ্য মহাজোটের প্রার্থীও ওই নেতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। এসব কারণে শুরু থেকেই পরিষদের কর্তাব্যক্তি থেকে শুরু করে কর্মীরাও স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠ গরম করে রাখেন। জয় এবং ভোটের ব্যবধানে বড় নিয়ামক হিসেবে এই ইস্যুটি কাজ করেছে বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব ও উপজেলার চক্রধা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বলেন, মহাজোটের প্রার্থী মান্নান ভূঁইয়া পরিষদকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে ভোটের আগেই মহাজোটের প্রার্থীর ভরাডুবি নিশ্চিত হয়ে যায়।
বিজয়ী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লাও এমনটা মনে করেন। তিনি বলেন, ‘বিশেষ করে মান্নান ভূঁইয়া পরিষদের কর্মীদের সমর্থন আমার জয়কে সহজ করে দিয়েছে।’
সাংসদ জহিরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গেল নির্বাচনে মান্নান ভূঁইয়া আমার কাছে হেরে যান। জীবদ্দশায় তিনি এই ফলাফল মেনে নিতে পারেননি। তাঁর অনুগতদেরও একই অবস্থা। আমাকে দেখে নেওয়ার জন্যই শিবপুরে মান্নান ভূঁইয়া পরিষদ হয়েছে। তা ছাড়া আমার হারের পেছনে কালোটাকাও বড় ভূমিকা রেখেছে। এক কথায় বলব, কালোটাকা আর মান্নান ভূঁইয়া পরিষদের ষড়যন্ত্রের কাছে আমি হেরে গেলাম।’