জহুর আহমদ ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুর আহমদ চৌধুরী ভোগের নয়, ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তিনি অনুকরণীয় আদর্শ। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সত্যিকারের সৈনিক।
গতকাল রোববার জহুর আহমদ চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।ÿ চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফের পতেঙ্গার দলীয় কার্যালয়ে এ সভা হয়।
বক্তারা আরও বলেন, জাতীয় রাজনীতিতে অবদানের পাশাপাশি জহুর আহমদ চৌধুরী চট্টগ্রামের উন্নয়নে সদা সচেষ্ট ছিলেন। চট্টগ্রামের বহু নেতা তাঁর হাত ধরে রাজনীতিতে উঠে এসেছেন। তাঁর মতো সৎ ও ন্যায়নিষ্ঠ নেতা এই যুগে দুর্লভ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ, জহুর আহমদ চৌধুরীর ছোট ছেলে সরফুদ্দিন চৌধুরী, লবণ শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।