
জহুরার জন্য পৃথিবীর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। পরাজয় ছিল তাঁর ললাটলিখন। অন্তত প্রতিবেশীরা সেভাবেই দেখত।
কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রবল জেদ আর টিকে থাকার লড়াই তাঁকে খাদের কিনার থেকে ফিরিয়ে এনেছে। বাল্যবিবাহ, যৌতুক, স্বামীর নির্যাতন আর বিবাহবিচ্ছেদের অন্ধকার অধ্যায় পেরিয়ে তিনি আজ সফল নারী। শুধু নিজের জন্য দাঁড়ানোর জায়গা করেছেন তা-ই নয়, জহুরা এখন অন্য অসহায় নারীদের কর্মসংস্থানের উৎস।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের গ্রামের মেয়ে জহুরা। নামের আগে-পরে পারিবারিক পদবি নেই। শুধুই জহুরা। বিয়ে হয় ১২ বছর বয়সে। ফলে ষষ্ঠ শ্রেণিতেই পড়াশোনা বন্ধ হয়ে যায় তাঁর। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
জহুরা বলেন, ‘বাবা গরিব মানুষ, যৌতুক দিবেন কীভাবে! এ জন্য কয় দিন পরপরই মাইর খাইতাম।’ এমনকি গর্ভকালীন সময়েও স্বামী তাঁকে মারধর করতেন। বাধ্য হয়ে ২০০৬ সালে বাবার বাড়ি ফিরে আসেন জহুরা। বিবাহবিচ্ছেদ হয়। কোলে তখন ছোট্ট মেয়ে জয়িতা।
বাবার বাড়ি ফিরেও স্বস্তি মেলেনি। ছয়জনের টানাটানির সংসারে জহুরা ও তাঁর মেয়ে ছিলেন বাড়তি। শুনতে হতো প্রতিবেশীদের কটূক্তিও। এসব সহ্য করেই দিন কেটে যাচ্ছিল জহুরার।
কিন্তু নিজের এই পরিস্থিতিকে নিয়তি বলে মেনে নেওয়ার মেয়ে নন জহুরা। বাড়ির কাছের সহপাঠীদের স্কুলে যেতে দেখে আবার পড়াশোনার সিদ্ধান্ত নেন তিনি। পরিবার বেঁকে বসে। তাঁদের কথা, ‘এই বয়সে পড়তে গেলে মানুষে কী বলবে?’ পরিবার ও প্রতিবেশীদের বাধা উপেক্ষা করেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জহুরা। সন্তান রেখে ক্লাস করতে যাওয়ায় পরিবারের অনেক কথাও হজম করতে হয়েছে তাঁকে।
এভাবে ২০১৩ সালে এসএসসি পাস করেন। ২০১৫ সালে এইচএসসি। পড়ালেখার পাশাপাশি স্বনির্ভর হওয়ার একটা তাগাদা সব সময়ই কাজ করত জহুরার ভেতরে। তিনি বলেন, ‘পড়ার পাশাপাশি সেলাইয়ের কাজ করতাম, যাতে মেয়ে ও আমার খরচ নিজেই বহন করতে পারি।’
এর মধ্যেই ২০১৪ সালে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন বেসরকারি সংস্থা ব্র্যাক সাত দিনের একটি উপার্জনমূলক প্রশিক্ষণ দেবে দরিদ্র নারীদের। জহুরা রূপচর্চার ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ৩ হাজার ৩৫০ টাকা পুঁজি করে ঘরের বারান্দাতেই শুরু করেন পারলারের কাজ। বাজার থেকে একটি পুরোনো চেয়ার ও আয়না কিনে আনেন। মাটির ঘরের এই পারলারের গ্রাহক মূলত বাড়ির পাশের বউ-ঝিরা। কিছু পুঁজি হলে স্থানীয় বাজারে পারলার স্থানান্তরিত করতে চান জহুরা।
এ সময় বাধা হয়ে দাঁড়ায় জহুরার পরিবার এবং এলাকার মানুষ। তাঁরা বলেন, একজন নারী কিছুতেই বাজারে দোকান নিতে পারবে না। এতে সমাজ ও পরিবারের বদনাম হবে। কিন্তু জহুরা পিছপা হননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাগবের বাজারে টিনের ঘরে জয়িতা নামে পারলার। কাস্টমার বাড়তে থাকে। আয়ও বাড়ে।’ এর আট মাস পরে পাকা ভবনে পারলারটি স্থানান্তরিত করেন তিনি। পাশাপাশি স্থানীয় মেয়েদের পারলারের ও হাতের কাজের প্রশিক্ষণও দেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে এক নারী দেশের বাইরে চাকরি নিয়ে গেছেন। স্থানীয় একজন নিজেই পারলার দিয়েছেন।
এসব কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে জয়িতা পুরস্কার পান জহুরা।
পারলারের পাশের একটি ইলেকট্রনিকসের দোকানের স্বত্বাধিকারী হাজি ছমিরউদ্দিন বলেন, ‘মেয়েরা আয় করছে, বিষয়টি ভালো। নারীরা বাজারে দোকান করলেও কোনো অসুবিধে হয় না।’
পারলারের পাশাপাশি দোকানে কাপড় সেলাইয়ের কাজও শুরু করেছেন জহুরা। এ ছাড়া কাপড় কিনে বাজারের টিস্যু ব্যাগও বানানো হয়। বর্তমানে তাঁর অধীনে ২৩ জন নারী কাজ করছেন।
জহুরা প্রথম আলোকে বলেন, ‘আমি অন্ধকার থেকে আসছি, তাই আমি দরিদ্র নারীদের জীবনে আলো জ্বালাতে চাই। উপার্জন ছাড়া এটি সম্ভব নয়; সঙ্গে শিক্ষাও দরকার।’
জহুরার মা হেনা আক্তার বলেন, ‘আগে আমরা মাইয়াদের কাজের দাম বুঝি নাই। মাইয়ারা নিজের পায়ে দাঁড়াইলে পরিবারের অবস্থাও ভালো হয়। এলাকায় নামডাক হয়।’
জহুরা জানান, চলতি মার্চ মাসেই তিনি একটি সুতা তৈরির কারখানা চালু করবেন, যেখানে ৮০ জন নারীর কর্মসংস্থান হবে।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া বলেন, ‘সমাজের মেয়েরা এখন অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে; বিষয়টি ইতিবাচক। জহুরা নিজেও আয় করছেন, অন্যদেরও আয়ের সুযোগ করে দিচ্ছেন।’
অদম্য এই নারী এখন স্থানীয় একটি ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ছেন। তাঁর মেয়ে জয়িতা পড়ছে নবম শ্রেণিতে।