জহুরুল ইসলাম মেডিকেলে নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের এক নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের লেকের পানি থেকে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাজন পারা জুলি (২৪)। তিনি নেপালের মুরাং জেলার বিরাটনগর মহল্লার কৃষ্ণ প্রসাদ পারা জুলির ছেলে।
পুলিশ, কলেজ প্রশাসন ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, পারা জুলি ২০০৯ সালের ১৭ ডিসেম্বর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। থাকতেন কলেজ হোস্টেলের ৪১৬ নম্বর কক্ষে। ওই কক্ষে একই দেশের একই বর্ষের জয় কুমার লিম্বু, সামায়াং সুব্বা ও সৌরভ গিরি নামে আরও তিন শিক্ষার্থী থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে রাজনকে হাঁটাচলা করতে দেখেছেন অনেকে। এর পর থেকে তিনি আর নিজের কক্ষেও ফিরে যাননি। মঙ্গলবার রাত নয়টার পর রাজনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে কক্ষে না ফেরার বিষয়টি রুমমেটরা কলেজ প্রশাসনের নজরে আনেননি। ফলে লাশ ভেসে ওঠার পরও কলেজ প্রশাসন নিশ্চিত ছিল না লাশটি কার। সকালে লাশটি তীরে ওঠানোর পর ঘটনাটি কর্তৃপক্ষের কাছে স্পষ্ট হয়।
জয় কুমার লিম্বু জানান, রাজন ছিলেন নিভৃতচারী। কম কথা বলতেন। এক একা চলাফেরা করতে পছন্দ করতেন। সে কারণে কখন কোথায় যান তাঁরা তা জানতে পারতেন না। সৌরভ গিরি বলেন, ‘আমাদের ধারণা ছিল কাউকে কিছু না জানিয়ে রাজন হয়তো ঢাকায় গেছেন।’ বিষয়টি প্রশাসনকে অবগত না করার বিষয়ে তাঁরা জানান, কর্তৃপক্ষকে না জানিয়ে কোথাও গেলে পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিষয়টি তাঁরা চেপে গেছেন।
এদিকে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য রাজনের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ জন্য তিন সদস্যের বোর্ডও গঠিত হয়। বোর্ড সদস্যরা মরদেহ দেখে ময়নাতদন্ত করতে রাজি হননি। পরে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলেজের প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, ‘রাজনের মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তাঁরা বাংলাদেশে আসছেন। তার আগ পর্যন্ত মরদেহটি আমাদের নিজস্ব হিমঘরে রাখা হবে।’
এদিকে লাশ ভেসে ওঠার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) খন্দকার সায়িদ আহমেদ ও ওসি সুব্রত কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুব্রত কুমার সাহা বলেন, লাশটি ফুলে গিয়েছিল। এ কারণে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। সোমবার রাতেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।