জাইকা প্রেসিডেন্টের ঢাকা সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাজনিত কারণে জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিছি কিতাওকার পরিকল্পিত ঢাকা সফর স্থগিত হয়ে গেছে। দুই দিনের সফরে ৬ আগস্ট তাঁর ঢাকায় আসার কথা ছিল।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
জাইকার একটি সূত্রে জানা গেছে, টোকিও থেকে গত রোববার শিনিছি কিতাওকার সফর স্থগিতের বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই সফর হওয়ার সম্ভাবনা খুব কম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জাপানের সাত নাগরিকের হত্যার পর সরেজমিনে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার জন্য শিনিছি কিতাওকার ঢাকা সফরের কথা ছিল। ১ জুলাইয়ের ওই জঙ্গি হামলায় নিহত সাত ও আহত এক জাপানি নাগরিক কাজ করতেন ঢাকার মেট্রোরেল প্রকল্পে। এই পরিস্থিতিতে জাইকার প্রকল্পে যুক্ত জাপানের নাগরিকদের মনোবল চাঙা করা ছিল শিনিছির বাংলাদেশ সফরের অন্যতম লক্ষ্য। গত মাসে মঙ্গোলিয়ায় আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাইকার প্রেসিডেন্টের সফরের বিষয়টি জানিয়েছিলেন।
জাইকার প্রেসিডেন্টের পরিকল্পিত ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনার কথা ছিল।
এদিকে গুলশানে জঙ্গি হামলার পর থেকে জাইকার কর্মকর্তারা পুলিশি নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করছেন।
গত ৬ জুলাই জাইকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, জাইকা যেখানে কাজ করছে, সেখানে সংস্থার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি হবে প্রধান অগ্রাধিকার। ওই বিবৃতিতে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে জাইকা পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।
গত বছরের ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানের নাগরিক কুনিও হোশি। ওই হত্যাকাণ্ডের পর জাইকার স্বেচ্ছাসেবীদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে জাপানের নাগরিকদের চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে টোকিও।