জাইগুলি গ্রামে অন্য রকম উৎসব
শহরের বিপণিবিতানগুলোয় এখন কেনাকাটার ধুম পড়েছে। সবাই ঈদের আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। তেমনি বগুড়ার একটি পল্লিতে কেনাকাটার ধুম না থাকলেও ঈদের আগে ঈদের সুস্বাদু খাদ্য সেমাইয়ের খাঁচি তৈরিতে ধুম পড়ে গেছে। গ্রামের ৩০০ পরিবার দিনরাত তৈরি করে চলেছে সেমাইের খাঁচি। ঈদের আগে বাড়তি টাকা আয় করে তারাও ঈদের আনন্দ ভাগ করে নিতে কাজ করে যাচ্ছে।বগুড়ার গাবতলী উপজেলার একটি গ্রামের নাম জাইগুলি। বগুড়া শহর থেকে এ গ্রামের দূরত্ব ১২ কিলোমিটার। এ গ্রামের ৩০০ পরিবার বংশপরম্পরায় বাঁশের তৈরি জিনিস তৈরি করে জীবন পার করছে; কুলা, হোচা, টুকরি, ডালা, টোপা ইত্যাদি তৈরি করে থাকে। তবে রমজান এলে তাদের তৈরি করতে হয় সেমাইের খাঁচি। বগুড়া এখন চিকন সেমাই ও লাচ্ছা সেমাইয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী, রোজার মাসেই প্রায় ছয় কোটি টাকার সেমাইয়ের ব্যবসা হয়। আর এ জন্য যা দরকার, তা হালো খাঁচি। এই খাঁচি তৈরি করে জাইগুলি গ্রামের এসব মানুষ। ঈদের মতো তাদের গ্রামে এ সময় চলে উৎসব। কারণ, এই খাঁচির চাহিদা বেশি থাকার ফলে কেউ আর বসে থাকে না।গাবতলী উপজেলার জাইগুলি উত্তর পাড়ার ৭০ বছরের বৃদ্ধ ছলিম প্রামাণিক এই বয়সেও কাজ করে চলেছেন। তিনি বলেন, ‘বাবা রে, বুদ্ধির পর থ্যাইকা, যখন মোর বয়স সাত বছর, তখন থ্যাইকা এই কাম করি। ছোটট যকন ছিলাম, তখন বাবা খাঁচি বানাত। তার লগে হামরা তেমাল (বাঁশের উপরিভাগ) তুলে দিতাম। তহন থেকে এই বুড়ো বয়সে বাঁশ দিয়ে পরিবারের সবাই মিলে খাঁচি, ডুলি, হোচা, চালুন, খলি, টুকরি, ভাড়, টোপা বানে বেচি।’গত বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রতিটি বাড়ির উঠোনে বাঁশ কেটে কাজ চলছে। ছেলে, মেয়ে, বুড়ো—কেউ বাদ যায়নি। কেউ বাঁশের তেমাল তুলছে, আবার কেউবা খাঁচি বানানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। জাইগুলি মাঝপাড়ার বাদশা মিয়া বলেন, বাপ-দাদার আমল থেকে তিনি এ কাজ করেন। পরের বাড়িতে কামলা দিতে গেলে নানা ধরনের গালমন্দ দেয়। তার চেয়ে এ কাজে ঘর-সংসার ভালোভাবে চলছে। টুকু পাইকার বলেন, ‘বাঁশ দিয়ে হামাগোরে গ্রামের প্রায় সব পরিবার বাঁশের জিনিস বানায়। এ বাঁশ এই গ্রাম ছাড়াও আশপাশের সাবেকপাড়া, নিশু পাড়া, শুভপাড়া, দুবাড়ি গ্রাম থেকে আনা লাগে। প্রতিটি বাঁশ ৭০ থেকে ১১১ টাকায় কিনে আনি। একটি বাঁশ থেকে ১০টি খাঁচি বানানো যায়। প্রতিটি খাঁচি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি করা হয়। প্রতি বাঁশে খরচ বাদ দিয়ে প্রায় ২০০ থেকে ২৫০ টাকা লাভ থাকে।’জাইগুলি গ্রামের ভ্যানচালক জামাল মিয়া বলেন, ‘ঈদের আগে এই খাঁচির চাহিদা বেশি। ভ্যানে করে প্রতিদিন ৫০টি খাঁচি শহরে পৌঁছে দিই। ভাড়া দেয় ১০০ টাকা।’ গ্রামে দেখা হয় খাঁচির ব্যবসায়ী আসাদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদ এলেই এই গ্রাম থেকে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ খাঁচি শহরে বিভিন্ন মহাজনের কাছে দিই। তাতে খাঁচিপ্রতি আমার দু-তিন টাকা লাভ থাকে।’