জাওয়াদ নির্ঝর নিয়ে আবেদন নিষ্পত্তির নির্দেশ, লিংক অপসারণ নিয়ে রুল
লন্ডন থেকে জাওয়াদ নির্ঝর পরিচালিত ফেসবুক আইডি ও করাপশন ইন মিডিয়া ফেসবুক পেজ থেকে দেশ নিয়ে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগ তুলে লিংকগুলো বন্ধ চেয়ে করা আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসির প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ভোরের পাতা গ্রুপের চেয়ারপারসনের একান্ত সচিব আশরাফুল বারী গত বছরের ২০ ডিসেম্বর বিটিআরসি বরাবরে আবেদন দেন। এতে লন্ডন থেকে পরিচালিত একটি ফেসবুক আইডি জাওয়াদ নির্ঝর এবং ফেসবুক পেজ করাপশন ইন মিডিয়া থেকে দেশের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। কয়েকটি লিংক তুলে ধরে আবেদনের শেষাংশে জাওয়াদ নির্ঝর কর্তৃক পরিচালিত এবং উল্লিখিত লিংকগুলো বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আরজি জানানো হয়। এতে ফল না পেয়ে আশরাফুল বারী রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। হাইকোর্ট রুল দিয়ে গত ২০ ডিসেম্বর করা ওই আবেদনটি নিষ্পত্তি করতে বিটিআরসিকে নির্দেশ দেন।
পরে আইনজীবী নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, ‘জাওয়াদ নির্ঝরের ফেসবুক পেজ বা ইউটিউবে প্রচারিত লিংকগুলো বন্ধ ও অপসারণের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন লিংক নিষিদ্ধ করতে এবং প্রকৃত ইতিহাস বিকৃত করায় ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
জাওয়াদ নির্ঝরের ফেসবুক পেজ বা ইউটিউবে থেকে প্রচারিত ওই সব লিংকগুলো অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, বিটিআরসি ও জাওয়াদ নির্ঝরসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।’