জাওয়াহিরির অডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল বিন সাত্তার খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল শহরের মাঝিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাসেল টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র। তিনি শৌখিন ওয়েব ডেভেলপার। তাঁর কাছ থেকে তিনটি মুঠোফোন, দুটি ল্যাপটপ ও বেশ কিছু ধর্মীয় পুস্তিকা উদ্ধার করা হয়।
রাসেলকে নিয়ে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান বলেন, রাসেল ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ ‘বাঁশের কেল্লা-২’ এর অ্যাডমিন। বাঁশের কেল্লা ছাড়াও তাঁর বেশ কয়েকটি ব্লগ রয়েছে। ফেসবুকেও একাধিক আইডি আছে। এসব আইডি ও ব্লগের মাধ্যমে তিনি জাওয়াহিরির বার্তাটি ইন্টারনেটে প্রচার করেছেন। এ ছাড়া বিভিন্ন ব্লগের মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহমূলক নিবন্ধ প্রচার করেন। এসব নিবন্ধের মধ্যে বোমা তৈরির পদ্ধতি ও ‘জিহাদি’ স্লোগান আছে। এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুসারে অপরাধ।
র‌্যাব কর্মকর্তা বলেন, গত বছরের ৩০ নভেম্বর ‘দাওয়াহ ইল্লাল্লাহ’ নামের একটি ওয়েবসাইট সর্বপ্রথম এ লিংকটি প্রচার করে। এই সাইটটি পাকিস্তানভিত্তিক সংগঠন বালাকোট মিডিয়া পরিচালনা করে। সাইটটি থেকে তথাকথিত জিহাদ-সংক্রান্ত ভিডিও এবং বার্তা প্রচার করা হয়। এরপর ১৪ জানুয়ারি লিংকটি জিহানোলজি নামের একটি সাইট এবং ফেব্রুয়ারি মাসে ইউটিউব থেকে প্রচার করা হয়। এ ছাড়া গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগ এনে রাসেল বিভিন্ন লেখা ও ছবি ইরানের প্রেসিডেন্টের কাছে ই-মেইল করেছেন। গত ৭ মে তিনি এসব তথ্য ই-মেইলে পাঠান।
র‌্যাব কর্মকর্তার বক্তব্যর পর রাসেল সাংবাদিকদের বলেন, বিভিন্ন ইসলামিক সাইটের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। এই আগ্রহ থেকেই কিছুদিন আগে তিনি ‘দাওয়াহ ইল্লাল্লাহ’ নামে একটি সাইটের লিংকে লাইক দেন। এ কারণে ওই সাইট থেকে সব ভিডিও মেইল তাঁর কাছে আসত। এভাবেই ওই সাইট থেকে আল জাওয়াহিরির ভিডিওটি তাঁর কাছে আসে। পরে সেটি তিনি বিভিন্ন সাইট ও ব্লগে ছড়িয়ে দেন। তবে তিনি নিজে ইউটিউবে ভিডিওটি আপলোড করেননি।
কারা ভিডিওটি আপলিঙ্ক করেছে জানতে জাইলে রাসেল বলেন, এই ভিডিওটি ‘দাওয়াহ ইল্লাল্লাহ’ নামে একটি সাইটে প্রথম আপলোড করা হয়। এরা যারা চালায় তারাই বলতে পারবে। দাওয়াহ ইল্লাল্লাহ কারা চালান সে ব্যাপারে তিনি কিছুই জানেন না দাবি করেন।
ওই কণ্ঠ জাওয়াহিরির কি না, জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা বলেন, র‌্যাব এ ব্যাপারে নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি জানান, রাসেল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আবদুস সাত্তারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইল মাঝিপাড়া এলাকার মিজানুর রহমানের মেসে থেকে টেক্সটাইল ইনস্টিটিউটে পড়াশোনা করেন।
রাসেলের সহপাঠী আলমগীর হোসেন জানান, ইন্টারনেট ব্যবহারে রাসেল ছিল খুবই দক্ষ। ইনস্টিটিউটের কারও ইন্টারনেট নিয়ে সমস্যা হলে রাসেলের কাছে ছুটে যেতেন। অপর এক সহপাঠী জানান, রাসেল বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগ থেকে ইসলাম-বিষয়ক বিভিন্ন লেখা, মতামত ডাউনলোড করে প্রচার করতেন।
ইন্টারনেটে প্রচারিত ‘বাংলাদেশ: ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শীর্ষক ২৯ মিনিটের একটি অডিও বার্তা ১৫ ফেব্রুয়ারি সবার নজরে আসে। বার্তাটি জিহাদোলজি ডটনেট নামের একটি ওয়েবসাইটে রয়েছে। ভিডিও বার্তায় দেখা যায়, আরবিতে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি বক্তব্য দিচ্ছেন। সেখানে বাংলাদেশে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
আল-জাওয়াহিরির কথিত বার্তাটি যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটে ছাড়া হয় বলে গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।