জাকসু নির্বাচন স্থগিত, অবরোধ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র ১ ডিসেম্বর জমা নেওয়ার পর নির্বাচনসংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর জাকসু নির্বাচনের আয়োজন করা হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ও ২৬ নভেম্বর জাকসু নির্বাচন কমিশনের সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পর জাকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ঘোষণা করতে উপাচার্যকে অনুরোধ করবে। এ ছাড়া নির্বাচনে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের প্রার্থিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ না পাওয়া পর্যন্ত নির্বাচনসংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। কারণ হিসেবে বলা হয়, গত সোমবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাকসু নির্বাচন কমিশন মনে করছে, সংসদ নির্বাচনের আগে জাকসু নির্বাচনের আয়োজন করা কিছুটা সমস্যা হতে পারে।
এদিকে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্য ও সাধারণ ছাত্রদের অনেকে নির্বাচনে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের প্রার্থিতার অনুমতি দেওয়ায় আপত্তি করেছেন। তাই বিষয়টির আইনগত ব্যাখ্যা প্রয়োজন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ নেওয়ার জন্য রেজিষ্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও ছাত্রলীগ মনোনয়নপত্র নেয়নি। বেলা দুইটা পর্যন্ত ৪২৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।
সময় শেষ হওয়ার পর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে কি না, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘এখন আর বিতরণ করা হবে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অবরুদ্ধ দুই সহ-উপাচার্য: গতকাল দুপুরে প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, উপাচার্যের কক্ষে দুই সহ-উপাচার্য দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন। গতকালও অসুস্থ ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ। শারীরিকভাবে অসুস্থবোধ করছেন বলে জানান উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন। তাঁরা জানান, গত রোববার সকালে উপাচার্য মো. আনোয়ার হোসেনের কাছে আন্দোলনকারী শিক্ষকদের দাবি পাঠালেও তিনি এখনো কিছু জানাননি।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। তবে কেউ অসুস্থ হয়ে পড়লে যেকোনো সময় চলে যেতে পারেন।
তবে কোনো শর্ত মেনে অবরোধ মুক্ত হওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন দুই সহ-উপাচার্য।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে গতকাল সন্ধ্যা সাতটায় মৌন মিছিল ও সমাবেশ করেছেন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’-এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।