জাকসু নির্বাচন ২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকসু গঠনতন্ত্রের ৮ ধারা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ।

যে সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো সহসভাপতি (একজন), সাধারণ সম্পাদক (একজন), সহ-সাধারণ সম্পাদক (একজন), কমনরুম সম্পাদক (একজন), মহিলা কমনরুম সম্পাদিকা (একজন), সমাজসেবা সম্পাদক (একজন), সাহিত্য সম্পাদক (একজন), সামাজিক চিত্তবিনোদন সম্পাদক (একজন), নাট্য সম্পাদক (একজন), ক্রীড়া সম্পাদক (একজন), সহক্রীড়া সম্পাদক (একজন) ও কার্যকরী পরিষদের সদস্য (পাঁচজন)। একাধিক পদে কেউ প্রার্থী হতে পারবেন না।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৯ নভেম্বর এবং ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই। বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর। কেউ চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে ৮ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর।

জাকসু গঠনতন্ত্রের ৮(জ) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনের তিন দিন আগে নির্বাচন কমিশনের সভাপতির কাছে লিখিত ও স্বাক্ষরিত দরখাস্ত দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক সোহেল আহমেদ এবং কমিশনের সদস্যসচিব অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।