জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।
গতকাল বেলা দুইটা পর্যন্ত ৩৪৮টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠনের নেতাসহ অনেক সাধারণ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ছাত্রলীগ ও ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
কারণ হিসেবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বলেন, জাকসু নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব না। সংগঠন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন প্রতিহত করা হবে।’