জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন নয়টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সময় বাড়িয়ে ২৪ নভেম্বর রোববার বেলা দুইটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য কোনো মূল্য ধার্য করা হয়নি। এদিকে জাকসু নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে মিছিল বের করে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। পরে জোটের সদস্যরা উপাচার্য মো. আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, ‘আমরা আমাদের দাবি উপাচার্যের কাছে উপস্থাপন করেছি। কোনো অভিযোগ থাকলে উপাচার্য আমাদের আইনের আশ্রয় নিতে বলেছেন।’
এদিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সব ছাত্রসংগঠনের সদস্যের সহাবস্থান নিশ্চিত করার কথা বললেও এখন পর্যন্ত তা করেনি। আমরা ক্যাম্পাসে ঢুকতে পারছি না।’
এসব ব্যাপারে জানতে চাইলে উপাচার্যকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।