ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনা নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ার দাবিকে ব্যঙ্গ করার শামিল বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গতকাল রোববার বিকেলে রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভা ও ইফতার মাহফিলে ড. কামাল এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, মানুষ কোনো রকমে বেঁচে থাকার জন্য অবৈধভাবে জীবন বাজি রেখে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এ দেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থা কোনো পর্যায়ে আছে। অন্যদিকে সুইস ব্যাংকে কিছু মানুষের অবৈধ টাকার পাহাড় প্রমাণ করে দেশে কী পরিমাণ দুর্নীতি, লুটপাট চলছে। তিনি বলেন, দেশে গণতন্ত্রহীনতা, সীমাহীন দুর্নীতি, লুটপাট, দলীয়করণ সমাজব্যবস্থাকে টিকে থাকার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, দলীয়করণমুক্ত প্রশাসন, সুবিচার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম খান, এস এম আলতাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।