জাকাত নিতে এসে পদদলিত হয়ে দুই বৃদ্ধার মৃত্যু
মানিকগঞ্জে জাকাতের কাপড় নিতে এসে মানুষের ভিড়ে পদদলিত হয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন নারী। গতকাল বৃহস্পতিবার শহরের গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধারা হলেন মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের ছাহেলা বেগম (৬০) ও সদর উপজেলার বারইল গ্রামের জামিলা বেগম (৫৫)।
পুলিশ, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও গতকাল সকালে দরিদ্রদের মধ্যে জাকাতের কাপড় বিতরণের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে বুধবার রাত থেকে মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডে অবস্থিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদের বাসার সামনে ভিড় করেন অনেক নারী-পুরুষ। ভোর চারটার দিকে বাসার মূল ফটক খুলে দিলে হুড়োহুড়ি করে সবাই ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভিড়ের মধ্যে ওই দুই বৃদ্ধা পদদলিত হন। এরপর তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১০ জন নারীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জাকাতের কাপড় বিতরণ করা হয়। এ ব্যাপারে মাহবুব মোর্শেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে থানায় একটি মামলা হয়েছে।