জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে গতকাল শুক্রবার সকালে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ফিরোজা বেগম (৫০) ও নূপুর বেগম (৩৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় খান অ্যান্ড সন্স গ্রুপের আট কর্মকর্তাকে আটক করা হয়েছে।
নিহত ফিরোজা বেগম সদর উপজেলার বর্ণকাঠি গ্রামের ফজলে আলীর স্ত্রী ও নূপুর বেগম নগরের রসুলপুর চর এলাকার মোহর মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কাটপট্টি সড়কের খান অ্যান্ড সন্স গ্রুপের শাখা কার্যালয় থেকে জাকাতের কাপড় দেওয়া হবে খবর শুনে সেখানে অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন। সকাল সাড়ে ১০টার দিকে খান অ্যান্ড সন্সের মূল ফটক খুলে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন নারী ভেতরে ঢুকে পড়েন। তাঁদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দেন। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে দুই নারী মারা যান।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খান অ্যান্ড সন্স গ্রুপের আট কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ওই শাখার ব্যবস্থাপক আবু সালেহ, বিপণন কর্মকর্তা শাহ নেওয়াজ, মো. রাহাত, সিরাজ, লিটন, আসাদ, হালিম ও মোয়াজ্জেম হোসেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।