জাকাতের কাপড় নিতে এসে দুই বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকাতের কাপড় নিতে এসে ভিড়ের মধ্যে মানুষের চাপে অসুস্থ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ছাড়া একই ঘটনায় আহত হয়েছেন ১০ জন নারী। আজ বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বৃদ্ধা হলেন সদর উপজেলার বারইল গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী জামিলা বেগম (৬০) এবং মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের মৃত টিপু মিয়ার স্ত্রী ছাহেলা বেগম (৬২)। তাঁদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

পুলিশ ও আহত নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের গার্লস স্কুল রোডে একটি বাড়িতে এ জাকাত দেওয়া হচ্ছিল। জাকাতের খবর শুনে গভীর রাত থেকে বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ। সেহরির পর ভোর চারটার দিকে ওই বাসার মূল ফটক খুলে দিলে হুড়োহুড়ি করে ভেতরে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে জামিলা ও ছাহেলা অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন নারী। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ভিড়ের চাপায় ওই দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।