জাকাতের কাপড় নিতে গিয়ে আহত এক নারীর মৃত্যু
রাজধানীর ফকিরাপুলে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলনে আহত একজন নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হেলেনা আক্তার (৫০)। গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই ঘটনায় আহত ও হাসপাতালে চিকিৎসাধীন লাইলী বেগমের মা হেলেনা আক্তার। বৃহস্পতিবার মা-মেয়ে একসঙ্গে জাকাতের কাপড় নেওয়ার জন্য এজিবি কলোনিসংলগ্ন বস্তি থেকে ফকিরাপুলের মালেক মার্কেটে গিয়েছিলেন। আহত লাইলীকে হাসপাতালে ভর্তি করা হলেও হেলেনা বস্তিতে ফিরে যান। সেখানে রাত একটার দিকে তিনি মারা যান। স্বজনেরা তাঁর লাশ গ্রামের বাড়ি জামালপুরে নেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ খবর পেয়ে বস্তিতে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।হাসপাতাল সূত্র জানায়, লাইলীর নাম প্রথমে রেহানা আক্তার শোনা গিয়েছিল। গতকাল শুক্রবার তাঁর নাম নিশ্চিত হয়।ফকিরাপুলের মালেক মার্কেটের প্রয়াত মালিক আবদুল মালেকের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। ওই কাপড় আনতে গিয়ে সন্ধ্যার দিকে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিন নারী মারা যান। আহত হন কয়েকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মার্কেটের তত্ত্বাবধায়ক আক্তার হোসেনকে (৪০) আটক করে।মতিঝিল থানার অপারেশন্স অফিসার সাজ্জাদ হোসেন বলেন, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আক্তার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রয়াত মালেকের স্ত্রী পারভীন বেগম, ভায়রা শাহজাহান আলী ও ভাগনে মিন্টু। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, আক্তারকে গতকাল এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।অজ্ঞাতনামা নারীর পরিচয় মিলেছে: ওই ঘটনায় নিহত তিনজনের মধ্যে অজ্ঞাতনামা নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সাহারা খাতুন (৬৫)। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। তাঁর ছেলে মদন আলী গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মায়ের লাশ শনাক্ত করেন।