জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে একটি কোম্পানির দেওয়া জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কাঠপট্টি সড়কের খান অ্যান্ড সন্স গ্রুপের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খান অ্যান্ড সন্স গ্রুপ নামের ওই প্রতিষ্ঠানের আট কর্মকর্তাকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বর্ণকাঠি গ্রামের ফজলে আলীর স্ত্রী ফিরোজা বেগম (৫০) ও নগরের রসুলপুর চর এলাকার মোহর মিয়ার স্ত্রী নূপুর বেগম (৩৫)।
আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে খান অ্যান্ড সন্স গ্রুপের কাঠপট্টি সড়কের শাখা কার্যালয় থেকে জাকাতের কাপড় নিতে অনেক নারী-পুরুষ ভিড় করেন। সাড়ে ১০টার দিকে খান সন্সের মূল ফটক খুলে দেওয়া হয়। এ সময় হুড়োহুড়ি করে ভেতরে ঢোকার সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তারক্ষীরা ধাওয়া করেন। এতে পদদলিত হয়ে ফিরোজা ও নূপুরের মৃত্যু হয়। আহত হন অন্তত সাতজন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিষ্ঠানের আটজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
উপপুলিশ পরিদর্শক গোলাম কবির জানান, আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা হলেন ওই শাখার ব্যবস্থাপক আবু সালেহ, বিপণন কর্মকর্তা শাহ নেওয়াজ, মো. রাহাত, সিরাজ, লিটন, আসাদ, হালিম ও মোয়াজ্জেম হোসেন।