পদদলনে মৃতের সংখ্যা বেড়ে ২৫, ৩টি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫। ঘটনাটি তদন্তে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট তিনটি কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে আরও তিনজনসহ ২৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শহরে আজ ভোরে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ২২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রত্যক্ষদর্শী ময়না (৭০)। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
ময়মনসিংহ শহরে আজ ভোরে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ২২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রত্যক্ষদর্শী ময়না (৭০)। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

ওসির দেওয়া তালিকা অনুযায়ী যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ফজিলা বেগম (৭৫), হাজেরা (৭০), রহিমা বেগম (৬৫), ফাতেমা বেগম (৬০), রিনা রানী দে (৬০), সৃষ্টি রানী সরকার (৫৫), জোহরা খাতুন (৫২), নাজমা বেগম (৫০), খোদেজা (৫০), হামিদা বেগম (৪৫), ফাতেমা বেগম (৪২), সখিনা (৪২), শাহারন বেগম (৪০), রিজিয়া আক্তার (৪০), মমতাজ বেগম (৪০), সুফিয়া বেগম (৩৫), সামু বেগম (৩৫), আদুরি বেগম (৩৫), রুবিয়া আক্তার (২২), ছিদ্দিক (১২) ও লামিয়া (৫)।

বাকি চারজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন মা খোদেজা বেগম। মায়ের শোকে মিতু আক্তারের আহাজারি। ছবিটি আজ ময়মনসিংহের শহরের থানার ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন মা খোদেজা বেগম। মায়ের শোকে মিতু আক্তারের আহাজারি। ছবিটি আজ ময়মনসিংহের শহরের থানার ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

আজ ভোরে ওই বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়েছিলেন এমন অন্তত সাতজনের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁদের একজন আনোয়ারা বেগম বলেন, তিনি শহরের থানাঘাট বস্তিতে থাকেন। আজ সেহরির আগে তিনিও শামীম তালুকদারের বাড়িতে জাকাতের কাপড় নিতে যান। তাঁর মতে শুধুমাত্র থানাঘাট বস্তি থেকেই ৫০০ জনের মতো মানুষ ওই বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়েছিলেন।

আনোয়ারা বেগম আরও বলেন, ভোর হওয়ার আগেই ওই বাড়ির সামনে তিনটি লাইনে মানুষের ভিড় জমে যায়। একপর্যায়ে ওই বাড়ির দারোয়ান এসে দুই পাশ থেকে বাঁশ বেঁধে দেন। তাঁরা কাপড় নিতে আসা ব্যক্তিদের একটি লাইনে আসতে বলেন। ভোর পাঁচটার দিকে ওই বাড়ির প্রবেশ ফটক খুলে দেওয়া হয়। এ সময় হুড়োহুড়ি করে বাড়ির ভেতর ঢুকতে গিয়ে অনেকে পড়ে গেলে এই পদদলনের ঘটনা ঘটে।

মা খোদেজা বেগমের মৃত্যুতে মেয়ে মিতু আক্তারের আহাজারি। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
মা খোদেজা বেগমের মৃত্যুতে মেয়ে মিতু আক্তারের আহাজারি। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

এদিকে ঘটনাটি তদন্তে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহমদ আল মামুনকে প্রধান করে এবং অন্যটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনকে প্রধান করে গঠন করা হয়েছে। উভয় কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় জাকাতদাতা শামীম তালুকদার, তাঁর ছেলে হেদায়েত হোসেনসহ ছয়জনকে আটক করা হয়েছে।