জাকাতের কাপড় লুট!
জাল টোকেন দিয়ে অভিনব কায়দায় প্রায় এক হাজার পিস জাকাতের কাপড় লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান উপলক্ষে বড়ালী গ্রামের কাতারপ্রবাসী শিল্পপতি জালাল আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষের মধ্যে জাকাতের কাপড় বিতরণের জন্য টোকেন বিলি করা হয়। বিলি করা ওই টোকেন জাল করে কিছু লোক ১০০-১৫০ টাকার বিনিময়ে বিলি করে। গতকাল এসব টোকেন নিয়ে জাকাতের কাপড় নিতে আসা কয়েকজন নারী-পুরুষকে আটকের পর প্রতারকচক্রের বিষয়টি ফাঁস হয়ে যায়। আটক ব্যক্তিরা জানান, জাল ওই টোকেন টাকার বিনিময়ে ফরিদগঞ্জ সদরের ডায়মন্ড মহিলা সমিতির কর্ণধার ইব্রাহীম ও তাঁর প্রতিষ্ঠানের কর্মী রঞ্জিত বিলি করেছেন। এ নিয়ে বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতারকচক্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নারী-পুরুষেরা দল বেঁধে ইব্রাহীমকে আটক করতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। দলিল লেখক মো. টেলু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই উদ্যোগে সমস্যা সৃষ্টিকারী জাল টোকেন বিলিকারীদের বিচার প্রকাশ্যে করা উচিত।’ শিল্পপতি জালালের ভাই মনির হোসেন বলেন, ‘ওই প্রতারকচক্রের বিচার চাই।’ এ ঘটনায় অভিযুক্ত মহিলাকল্যাণ সমিতির কর্ণধার ইব্রাহীম ও তাঁর স্ত্রী ফাতেমা খানমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।