জাকারিয়া-রায়হানের ২০ দিনের রিমান্ড মঞ্জুর

পুলিশের প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার জাকারিয়া ও রায়হানের ২০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোনিয়া আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। সখীপুর থানার পুলিশ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় প্রত্যেকের ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সখীপুর থানায় উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বাদী হয়ে গতকাল রোববার রাতে এ মামলা দুটি করেন। মামলায় এ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত দু-তিনজনকে আসামি করা হয়েছে।
বেলা তিনটার দিকে জাকারিয়া ও রায়হানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। তাঁদের যে গাড়িতে তোলা হয় তার সামনে ও পেছনে অতিরিক্ত পুলিশের গাড়ি ছিল।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশাল সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তাঁদের সতীর্থরা। এ সময় একজন পুলিশ সদস্য নিহত হন। জঙ্গিদের নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের মাইক্রোবাস আটক করে। গাড়ি ছেড়ে পালানোর সময় লোকজন গাড়িচালক জাকারিয়াকে ধরে ফেলে। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরে জাকারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় পুলিশ। সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালা বাজারে ঢাকামুখী একটি বাস থেকে রায়হান নামে আরও এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় টঙ্গীর গাজীপুরা এলাকার ভাড়া বাসা থেকে জাকারিয়ার স্ত্রী স্বপ্না বেগমকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্বপ্না স্বীকার করেছেন, তিনি ও তাঁর স্বামী দুজনই জেএমবির সঙ্গে যুক্ত।
কাশিমপুর কারাগার থেকে এসব দুর্ধর্ষ জঙ্গিকে মাত্র চারজন পুলিশ দিয়ে ঠুনকো নিরাপত্তায় ময়মনসিংহের আদালতে নেওয়ার এ ঘটনায় এখন নানা প্রশ্ন উঠেছে। গাজীপুর পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সাইদুল করিম দাবি করেন, দেশে নির্বাচন চলায় পুলিশের সংখ্যা খুবই কম। তাই চালকসহ চারজন পুলিশ দেওয়া হয়। তবে তিনি বলেন, ওই আসামিদের ক্ষেত্রে আরও ১০-১২ জন পুলিশ দেওয়া উচিত ছিল।