জাকার্তার উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় তিন দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (২২-২৪ এপ্রিল) এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য—‘বিশ্বশান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সাউথ সাউথ সহযোগিতা জোরদার করা।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল সোমবার বলেন, চীনের প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রীসহ ২৮টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এশিয়া-আফ্রিকার ৬৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ছয়টি আন্তর্জাতিক সংস্থা—জাতিসংঘ, আসিয়ান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ইউনিয়ন, আরব লিগ ও সাউথ সেন্টারের প্রতিনিধিরা এই শীর্ষ সম্মেলনে যোগদান করবেন।
এশিয়ান-আফ্রিকান সম্মেলনের ৬০তম বার্ষিকীতে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্ব-পশ্চিম দুই ব্লকের মধ্যকার স্নায়ুযুদ্ধ চলাকালে প্রথম এশিয়ান-আফ্রিকান সম্মেলন ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বানদুং শহরে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ এপ্রিল সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির জন্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে দুই মহাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভয়াবহ হুমকির মুখে পড়ার বিষয় এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সাফল্যের বিষয়ও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি।
সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ানলুং, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইন, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদুল্লাহ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ২৩ এপ্রিল দেশে ফিরবেন।