জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনার মতো প্রমাণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তের পর ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনার মতো কোনো প্রমাণ পায়নি মহারাষ্ট্র প্রদেশের গোয়েন্দা সংস্থা। তাঁর বক্তব্যের মধ্যে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা। ফলে দেশে ফেরার পর জাকির নায়েককে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থা সূত্র।
গোয়েন্দা সূত্র জানায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নামেন মহারাষ্ট্রের গোয়েন্দারা। প্রাথমিকভাবে তাঁরা ইউটিউবে প্রকাশিত জাকির নায়েকের কয়েক শ ভিডিও এবং বক্তব্য পর্যালোচনা করেন। ওই বক্তব্যগুলো দেশে ও দেশের বাইরে দিয়েছিলেন জাকির নায়েক। গোয়েন্দারা বলেন, তাঁরা কয়েকটি প্রদেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করেন। তা থেকে আক্রমণাত্মক এবং জঙ্গিভাবাপন্ন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীদের দুজনের ফেসবুক থেকে জানা যায়, তাঁরা জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিলেন। ফলে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভি ও তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক ওঠে। এ টিভি চ্যানেলে বড় সময় ধরে জাকির নায়েকের ধর্মীয় বক্তৃতা প্রচারিত হয়। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের ঘোষণা দেয় সরকার। ভারতেও জাকির নায়েকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন পর্যায় থেকে তদন্ত শুরু হয়।
মহারাষ্ট্রের তদন্তের ফলাফল উচ্চপর্যায়ে পাঠানোর পর একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইংরেজি ভাষায় ধর্মীয় বক্তব্য প্রচারকের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট বিষয়ে কোনো অভিযোগ আনার সুযোগ আইনে নেই। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা যেতে পারে। কিন্তু তা–ও আইনি মানদণ্ডে টিকবে না।’
এদিকে টাইমস অব ইন্ডিয়া বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে, জাকির নায়েকের বক্তব্য খানিকটা পরস্পরবিরোধী ও জটিল। ফলে তাঁকে অভিযুক্ত করা কঠিন হবে। জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ অমিত দেশাই বলেন, মুসলমানদের ‘সন্ত্রাসী হওয়া উচিত’—শুধু এ বক্তব্য নিয়ে অভিযোগ গঠন করলেই হবে না। বক্তব্যের পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে।
তদন্তের মুখে থাকা জাকির নায়েকের গত সোমবার সৌদি আরব থেকে স্বদেশে ফিরে মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে পরে তাও বাতিল করে জাকির নায়েক জানিয়েছেন, আগামী কয়েক দিন তিনি আফ্রিকায় থাকবেন।