চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের জিইসি মোড় থেকে সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারে বিশেষ উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এতে সিটি করপোরেশনের নিজস্ব জনবল ও সামগ্রী ব্যবহার করা হবে।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ওয়ানডে ও টেস্ট খেলা উপলক্ষে নগরের জাকির হোসেন সড়ক ও স্টেডিয়াম-সংলগ্ন সড়ক সংস্কার করা হচ্ছে। সম্প্রতি টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রায় দেড় শ কিলোমিটার সড়কে খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের জাকির হোসেন সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সড়কজুড়ে ছোট-বড় গর্ত রয়েছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল চট্টগ্রামে আসার আগেই জাকির হোসেন সড়ক থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র। এ সড়ক ব্যবহার করে খেলোয়াড় ও কর্মকর্তারা স্টেডিয়ামে যাতায়াত করবেন। প্রকৌশল বিভাগ গতকাল রাত থেকেই এ কাজ শুরু করেছে।