বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শাহবাগে জাগরণ হয়েছে; কিন্তু তা গণজাগরণে পরিণত হতে পারেনি। সাধারণ মানুষের মনের আকুতি ধারণ করতে না পারায় জাগরণ মঞ্চ ব্যর্থ হয়েছে। এর খেসারত দিতে হবে জাতিকে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চট্টগ্রাম শাখা এই আলোচনা সভার আয়োজন করে।তারুণ্যের অভিব্যক্তির প্রতি সম্মান জানিয়ে নোমান বলেন, ‘আওয়ামী লীগ ও বাম দলগুলোর নেতৃত্ব নিজেদের রাজনীতি নিয়ে এই সমাবেশে ঢুকেছে। জনগণ তা দেখছে, তাই মানুষ জাগবে না।’ জাসাসের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী আকবরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম এ মালেক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, শামসুল আলম, এম এ সবুর ও আবুল হাশেম।