জাগরণ যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টারও বেশি সময় বিলম্বের পর শুরু হলো গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা। এতে অংশ নিয়েছেন বুদ্ধজীবী, সাংস্কৃতিক কর্মীসহ কয়েক হাজার মানুষ। গণজাগরণ মঞ্চের এক বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার বিকেল চারটায় জাগরণ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপতি আবদুল হামিদের বঙ্গভবন থেকে শাহবাগ হয়ে জাতীয় সংসদে যাওয়ার কথা থাকায় পুলিশ ওই সময় যাত্রার অনুমতি দেয়নি। পাঁচটার কিছু সময় পর শুরু হয় জাগরণ যাত্রা। শাহবাগ থেকে কারওয়ান বাজার ঘুরে সেটি শাহবাগে ফিরে শেষ হবে। গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক মারুফ রসুল প্রথম আলোকে বলেন, জাগরণ যাত্রা শেষে শাহবাগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাগরণ যাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল জাতীয় পতাকা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কার্টুন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সংবলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। ট্রাকের ওপর তৈরি করা হয় প্রতীকী ফাঁসির মঞ্চ। জাগরণ যাত্রায় অংশ নেন কামাল লোহানি, হাসান ইমাম, হাশেম খান, নাসিরউদ্দিন ইউসুফ, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেদন খান, ফকির আলমগীর, শ্যামল দত্ত, ইমরান এইচ সরকার প্রমুখ।

গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করেন। সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলন গড়ে তোলে তরুণ প্রজন্ম। দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলিত হয়েছিলেন শাহবাগের সঙ্গে।