জাগরণের গানে জেগে ওঠার আহ্বান
গানের সুরে সুরে দেশপ্রেমে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন শিল্পীরা। ছিল জাগরণের গানে উদ্বেলিত হওয়ার কথামালা। গতকাল শুক্রবার বিকেলে নগরের শিল্পকলা একাডেমীতে গান-নৃত্য-কথামালায় এমনই সুর ধ্বনিত হয়। জাগরণের গান অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। অনুষ্ঠানে জাগরণের গান গেয়ে ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে রাখেন জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা। ছিল প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার পরিবেশনাও। সিরাজুম মুনীরার প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতেই প্রথম আলো বন্ধুসভার সদস্যরা তিনটি গান পরিবেশন করেন। সমবেত কণ্ঠে ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘তীরহারা এই ঢেউয়ের’, ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি শ্রোতাদের মাতিয়ে তোলে। ছিল জাগরণের গান নিয়ে কুইজ। কুইজ পরিচালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী। তাঁর আহ্বানে দর্শক সারি থেকে মঞ্চে উঠে এসে ‘জয় বাংলা বাংলার জয়’ গেয়ে শোনান বায়েজিদ ফেরদৌস নামের এক শিক্ষার্থী। একাত্তরের চিঠি থেকে দুটি চিঠি পাঠ করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও শুভ্রা বিশ্বাস। গান, নৃত্য ছাড়াও ছিল জাগরণের গানে উদ্বেলিত হওয়ার কথামালা। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘জাতীয় সংকটকালে, আন্দোলনের সময় এসব গান রচিত হয়েছে। এসব গানে জাতির জাগরণ ঘটেছে। ইতিহাসের সন্তান হিসেবে ভূমিকা নিতে হলে দীর্ঘকাল জাগ্রত থাকতে হবে। কারণ, এখনো অনেক কাজ বাকি। দুর্নীতির বিরুদ্ধে জেগে না উঠলে জাতি হিসেবে আমরা সামনের দিকে যেতে পারব না।’ আবুল মোমেন আরও বলেন, ‘যে ব্যাংক লুট করেছে তাকে দানবীর হিসেবে, মাস্তান-প্রকৃতির লোককে জননেতা হিসেবে এবং যারা টেন্ডারবাজি করে, তাদের ছাত্রনেতা হিসেবে যেন ভুল না করি। এই গানগুলো আমাদের জাগ্রত রাখবে—এটাই প্রত্যাশা।’আলোচনায় অংশ নেন বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান বিশ্বজিত পাল। তিনি বলেন, জাগরণের গানের মাধ্যমে দিনবদল হয়েছে বাংলাদেশের। বাংলালিংক এই দিনবদলের স্লোগান দিচ্ছে। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের অরিত্র রতন সরকার বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির পেছনে যে আন্দোলন, সেই আন্দোলনের সময় রচিত হওয়া ৬০০ গান সংগ্রহ করেছি আমরা। সেখান থেকে ৭১টি গান নিয়ে সিডি প্রকাশিত হয়েছে।’ অনুষ্ঠানে গানের সঙ্গে নৃত্য পরিবশেন করেন ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের ৩০ জন শিল্পীর দল নেচে-গেয়ে শোনায় ১০টি জাগরণের গান। ‘মাঠে মাঠে সোনালি ধান’, ‘হেই সামালো হেই সামালো’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’ পরিবেশন করেন শিল্পীরা; যেন গানের মাধ্যমে অন্যায়-অশুভ শক্তির বিরুদ্ধে জাগরিত থাকার অনুপ্রেরণা জানালেন শিল্পীরা।