জাগরণের গানে মুখর মুক্তমঞ্চ
হালকা শীত। শীতের সূর্যের অস্ত যাওয়ার প্রস্তুতির সময় জেগে উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল ক্যাম্পাসে ‘জাগো বাঙালি জাগরণের গানে’ নামের গণসংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলালিংক ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় গণসংগীতের অ্যালবাম জাগরণের গান-এর শিল্পীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিকেল পাঁচটায় মুখরিত হয়ে ওঠে মুক্তমঞ্চ। উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জাগরণের সমন্বয়ক মোস্তফা তৌহিদ খান। বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের প্রাঞ্জল উপস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার বন্ধুদের পরিবেশিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দেশাত্মবোধক গান ও নৃত্য উদীপ্ত করে তোলে দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চাষাদের মুটেদের মজুরের’, ‘পূর্বদিগন্তে সূর্য উঠেছে’ গানগুলো পরিবেশন করেন। লিটন ও শ্রাবন্তী ‘এক সাগর রক্তের বিনিময়ে’ ও ‘পূর্বদিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আনন্দনের শিল্পীরা ‘ধনধান্য পুষ্পভরা’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘ও আমার দেশের মাটি’ গানগুলো পরিবেশন করেন। সাভার বন্ধুসভার বন্ধু শৈলী ও ফরিদুল ইসলাম ‘মাগো ভাবনা কেন’ এবং ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানে সাভারের নয়ারহাটের হালিমা-ফয়েজ নবনৃত্য থিয়েটারের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা ‘জন্ম আমার ধন্য হলো’, ‘রাষ্ট্রভাষার আন্দোলন করিলিরে বাঙালি’ গানগুলো পরিবেশন করেন।