জাগরণের সেনানীদের নিশ্চিন্তপুরে দরকার একটি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হুকনার সময় গাং পার অইতে গেলেই খাড়াইয়া থাকতে থাকতে শেষ। আর বাইরা মাসে (বর্ষা) নাও ডুবি যাইবার ডর থাকে। আমরার ইখানও একটা পুল (সেতু) অই গেলেই নিচিন্তা (চিন্তামুক্ত) আছলাম!’ সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল ঘাটে খেয়ানৌকার জন্য অপেক্ষার সময় নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছদরুল এভাবেই তার কিশোর মনের ইচ্ছা প্রকাশ করে।সম্প্রতি অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এ ওই বিদ্যালয়ের খুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, হয়ে ওঠে জাগরণের সেনানী। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্তপুরকে জাতীয় পর্যায়ে আলোচনায় তুলে আনে জগরণের এই সেনানীরাই। চারিকাটা ইউনিয়ন পুরোটাই লালাখাল নদী দিয়ে ঘেরা। বর্ষায় নৌকা ছাড়া সারাসরি যোগাযোগের কোনো পথ নেই। যোগাযোগব্যবস্থা ভালো করার জন্য দরকার একটি সেতু।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আতিয়া বেগম যাতায়াতের বিড়ম্বনার কথা তুলে ধরে জানান, কেবল নদী পারাপারের অসুবিধায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তাঁদের বর্ষাকালের অন্তত তিন মাস বিদ্যালয়ে যাতায়াত বন্ধ রাখতে হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন বলেন, ‘এত দিন কেউ খবর নেয়নি বলে আমাদের যাতায়াতের কষ্টের কথা কাউকে বলতে পারিনি। এখন বিদ্যালয়ের ফুটবলাররা এলাকার জন্য সুনাম বয়ে এনেছে, তাই সমস্যাগুলোও প্রকাশ পাচ্ছে। আমরা চাই, এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ উদ্যোগী হবে।’চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ‘বারো নদী তেরো খাল/ তারপর লালাখাল’। স্থানীয়দের মধ্যে প্রচলিত এই বচন থেকেই বোঝা যায়, লালাখাল একটি বড় নদী হিসেবে স্বীকৃত। বর্ষায় পাহাড়ি ঢলে উত্তাল রূপ নিলে শুধু শিক্ষার্থী নয়, নদীতীরের শতাধিক গ্রামের মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। জাগরণের সেনানীদের সাফল্যের কথা তুলে ধরে ইউপি চেয়ারম্যান বলেন, ‘এই জয় প্রমাণ করেছে, অনগ্রসর এলাকার মানুষ সুযোগ পেলে বড় কিছু এনে দিতে পারে। তাই আমরা খুদে ফুটবলারদের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়টিকে সরকারীকরণ ও লালাখাল নদীর ওপর একটি সেতু চাই।’জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘৫৬ হাজার ৩০৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতামূলক ওই লড়াইয়ে নিশ্চিন্তপুরের খুদে শিক্ষার্থীরা সেরা হয়েছে। ওই সাফল্যের বিবেচনায় একটি সেতু চাওয়া খুব বেশি কিছু নয়। তবে সেতু স্থাপনের অনুমোদন ও প্রক্রিয়া একটি বড় কাজ। এ বিষয়ে এলাকাবাসী আমাদের কাছে লিখিত প্রস্তাব দিলে আমরা উপজেলা প্রশাসন থেকে সুপারিশ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে দেব।’