জাগো সম্ভাবনায় জাগো কবিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা উত্তোলন করে গতকাল জাতীয় কবিতা উৎ​সবের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক। ছবি : প্রথম আলো
জাতীয় পতাকা উত্তোলন করে গতকাল জাতীয় কবিতা উৎ​সবের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক। ছবি : প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে পায়ে চলা পথে দেখা গেল একজন লুঙ্গি পরিহিত বিদেশি নাগরিক। কাঁধে ব্যাগ, হাতে পানির বোতল। জাতীয় কবিতা উৎসবে যোগ দিতে সুইডেন থেকে এসেছেন তিনি। বসে বসে কবিতা শুনতে শুনতে কেবলই আসন থেকে উঠে হাঁটাচলা শুরু করেছেন। মঞ্চে তখন কবিতা পড়ছিলেন একজন কবি, অপেক্ষায় আরও বেশ কজন। গতকাল রোববার জাতীয় কবিতা পরিষদের আয়োজনে শুরু হয়েছে ২৯তম জাতীয় কবিতা উৎসব ২০১৫। উৎসবের স্লোগান: জাগো সম্ভাবনায় জাগো কবিতায়।
সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আরম্ভ হয় উৎসব। ফুলেল শ্রদ্ধা জানানো হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতেও। সব শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতীয় কবিতা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা তুলে উৎসব উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক, সমবেত কণ্ঠে শোনা যায় জাতীয় সংগীত।
উৎসবের কবিতা পাঠ ও আলোচনা পর্বের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। শোক প্রস্তাব পাঠ করেন কবি কাজী রোজী। এ অধিবেশনে সুইডেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, বেলজিয়াম, ইকুয়েডর, সুইজারল্যান্ড থেকে অংশ নেন বেশ কয়েকজন কবি ও লেখক প্রতিনিধি, কবিতা পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। শুরু থেকে বিগত উৎসবের অনুষ্ঠানের ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীও করা হয় উৎসবস্থলে। আজ সোমবার উৎসবের শেষ দিনে ভিন্ন ভিন্ন দুটি সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন মামুনুর রশীদ ও রফিক উল্লাহ খান।
উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও শিল্পী কাইয়ুম চৌধুরীকে।